২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শুনানিতে উপস্থিত থাকতে পারছেন না বাট

লন্ডনের একটি আদালতে শুক্রবার পাকিস্তানের তিন ক্রিকেটারের বিরুদ্ধে দূর্নীতির অভিযোগের (স্পট ফিক্সিং) শুনানি হবে। তবে শুনানিতে উপস্থিত থাকতে পারছেন না অভিযুক্ত তিন ক্রিকেটারের একজন সাবেক অধিনায়ক সালমান বাট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2011, 10:15 AM

Updated : 24 Aug 2022, 03:06 PM

ঢাকা, মে ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - লন্ডনের একটি আদালতে শুক্রবার পাকিস্তানের তিন ক্রিকেটারের বিরুদ্ধে দূর্নীতির অভিযোগের (স্পট ফিক্সিং) শুনানি হবে। তবে শুনানিতে উপস্থিত থাকতে পারছেন না অভিযুক্ত তিন ক্রিকেটারের একজন সাবেক অধিনায়ক সালমান বাট। অভিযুক্ত অন্য দুজন হলেন ফাস্ট বোলার মোহাম্মদ আমির ও মোহাম্মদ আসিফ। এর মধ্যে আমির যুক্তরাজ্যের ভিসার জন্য অপেক্ষা করছেন। আর আসিফ এরই মধ্যে লন্ডন পৌঁছে গেছেন। আমির যদি বুধবারের মধ্যে ভিসা পান তবে হয়তো তিনি আদালতে উপস্থিত থাকতে পারবেন। বাটের পক্ষে তার যুক্তরাজ্য ভিত্তিক আইনজীবি ইয়াসিন প্যাটেল আদালতে যাবেন। আসিফ মঙ্গলবার লন্ডনে রওয়ানা হওয়ার আগে স্থানীয় সাংবাদিকদের বলেন, "আমি দুশ্চিন্তা মুক্ত হয়েই লন্ডনে যাচ্ছি। নির্দোষ প্রমাণ না হওয়া পর্যন্ত আমি এই লড়াই চালিয়ে যাব।" গত বছর অগাস্টে লর্ডস টেস্টে অর্থের বিনিময়ে ইচ্ছাকৃতভাবে 'নো' বল করার অভিযোগ ওঠে আসিফ ও আমিরের বিরুদ্ধে। আর ওই ঘটনায় নাটের গুরু ছিলেন ওই ম্যাচে পাকিস্তানের অধিনায়ক সালমান বাট। তখন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) তাদের সাময়িকভাবে নিষিদ্ধ করে ঘটনার তদন্তের জন্য একটি কমিশন গঠন করে। পরবর্তীতে ওই তিন ক্রিকেটার দোষী প্রমাণিত হলে আইসিসি তাদের বিভিন্ন মেয়াদে সাজা দেয়। যদিও আইসিসির নিষেধজ্ঞার বিরুদ্ধে আপিল করেছেন ওই তিন ক্রিকেটার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১৬০০ ঘ.