ঢাকা, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - 'স্পট ফিক্সিং'র সঙ্গে যুক্ত ছিলেন না, এর প্রমাণ হিসেবে কাউন্টি ক্রিকেট দল এসেক্সের ছাড়পত্র পাকিস্তান ক্রিকেট বোর্ডে জমা (পিসিবি) দিয়েছেন দানিশ কানেরিয়া।
এর আগে চলতি মাসের শুরুতে পিসিবি কানেরিয়ার কাছে এসেক্সের ছাড়পত্র চায়। কানেরিয়ার বিরুদ্ধে কাউন্টি ক্রিকেটে 'স্পট ফিক্সিং'র সঙ্গে জড়িত থাকার অভিযোগ উঠেছিল। কানেরিয়া এখন ওই অভিযোগ থেকে মুক্ত। তবে অভিযোগ ওঠার পর থেকেই পাকিস্তান দলের বাইরে আছেন তিনি।
কানেরিয়া বলেন, "আমি এসেক্স থেকে ছাড়পত্র এনে দিয়েছি। এখন বাকিটা পিসিবির ব্যাপার। জাতীয় দলের জন্য আবার আমাকে যে বিবেচনা করা হবে, এ ব্যাপারে আমি আশাবাদী।"
গত বছর এসেক্স পুলিশ কানেরিয়া ও তার সতীর্থ মারভিন ওয়েস্টফিল্ডের বিরুদ্ধে 'স্পট ফিক্সিং'র অভিযোগ তদন্ত করে। কানেরিয়া নির্দোষ প্রমাণিত হলেও অভিযুক্ত হন মারভিন। 'স্পট ফিক্সিং'র সঙ্গে কানেরিয়া যে যুক্ত নন, তা পরিস্কারভাবে জানার জন্য এসেক্সের ছাড়পত্র চায় পিসিবি।
কানেরিয়া পিসিবির একটি উপ-কমিটির কাছে ছাড়পত্র জমা দেন। এটি পর্যালোচনা করে ওই কমিটি কানেরিয়াকে একটি শুনানীতে ডাকবে।
'স্পট ফিক্সিং'র অভিযোগ ওঠার পর ২০১০ সালের গ্রীষ্ম থেকে জাতীয় দলের জন্য কানেরিয়াকে বিবেচনা করা হচ্ছে না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/২১৫৬ ঘ.
bdnews24