২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুম্বাইকে আটকে দিলো ডেকান

মুম্বাই ইন্ডিয়ান্সকে ১০ রানে হারিয়েছে ডেকান চার্জার্স।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2011, 06:36 PM

Updated : 24 Aug 2022, 03:04 PM

ঢাকা, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুম্বাই ইন্ডিয়ান্সকে ১০ রানে হারিয়েছে ডেকান চার্জার্স। ১২ খেলায় এটি ডেকানের চতুর্থ জয়। এ জয়ের ফলে দিল্লি ডেয়ারডেভিলসকে পেছনে ফেলে নবম স্থানে উঠে এসেছে ডেকান। সমান খেলায় দিল্লির সংগ্রহ ৮ পয়েন্ট। অন্যদিকে ১২ খেলায় এটি মুম্বাইয়ের চতুর্থ পরাজয়। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ৫৯তম খেলায় শনিবার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৩৫ রান করে ডেকান। জবাবে ৮ উইকেটে ১২৫ রানে থামে মুম্বাইয়ের ইনিংস। ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে মুম্বাই। সর্বোচ্চ ৩৭ রান আসে অধিনায়ক শচীন টেন্ডুলকারের ব্যাট থেকে। এছাড়া প্রথম পাঁচ ব্যাটসম্যানের আর কেউ পৌঁছতে পারেন নি দু'অঙ্কে। শেষের দিকে কিয়েরন পোলার্ড ও হরভজন সিং একটা শেষ চেষ্টা করেন। কিন্তু তারা পরাজয়ের ব্যবধানই কমিয়েছেন কেবল। পোলার্ড ২৪ রান করে বিদায় নিলেও শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন হরভজন। ১৭ রান করেন তিনি। ডেকানের পক্ষে আনন্দ রাজন ৩ উইকেট নেন ২৭ রানে। এর আগে শুরুতেই উইকেট হারালেও ধীরে ধীরে লড়াইয়ের পুঁজি গড়ে নেয় ডেকান। ৮ ব্যাটসম্যানের মধ্যে ৬ জনই পৌঁছেন দু'অঙ্কে। তবে কেউ সেভাবে নিজেদের ইনিংস বড় করতে পারেন নি। অধিনায়ক কুমার সাঙ্গাকারা ২৭, সানি সোহাল ২০ রান করে লড়াইয়ের ভীত গড়ে দেন। শিখর ধাওয়ান ও অমিত মিশ্র দলকে দলকে ১৩৫ রান পর্যন্ত নিয়ে যান। শেষ পর্যন্ত ধাওয়ান ২৭ রানে ও মিশ্র ১৮ রানে অপরাজিত ছিলেন। মুম্বাইয়ের পক্ষে ধাওয়াল কুলকার্নি ৩ উইকেট নেন ২৬ রানে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/০০৩১ ঘ.