২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আনন্দ নিয়ে মাঠ ছাড়ছি: পাইলট

বাংলাদেশের ক্রিকেট অনেক দূর এগিয়েছে। বিাদায়ের সময় আনন্দ নিয়েই যাচ্ছি। রাজশাহী বিভাগের অধিনায়ক খালেদ মাসুদ পাইলট প্রথম শ্রেণীর ক্রিকেট থেকে অবসর নেয়ার সময় এ কথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2011, 05:50 PM

Updated : 24 Aug 2022, 03:04 PM

ঢাকা, মে ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের ক্রিকেট অনেক দূর এগিয়েছে। বিাদায়ের সময় আনন্দ নিয়েই যাচ্ছি। রাজশাহী বিভাগের অধিনায়ক খালেদ মাসুদ পাইলট প্রথম শ্রেণীর ক্রিকেট থেকে অবসর নেয়ার সময় এ কথা বলেন। বাংলাদেশের সাবেক অধিনায়ক ও উইকেটরক্ষক পাইলট শনিবার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ঢাকা ও রাজশাহীর মধ্যকার জাতীয় ক্রিকেট লিগের চূড়ান্ত খেলা শেষে প্রথম শ্রেণীর ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন। খেলা ড্র হলেও প্রথম ইনিংসে এগিয়ে থাকার সুবাদে শিরোপা জেতে রাজশাহী। এটাকে সতীর্থদের বিদায় উপহার হিসেবেই দেখছেন পাইলট। "ধন্যবাদ সতীর্থদের, তারা একটা সুন্দর সময় উপহার দিয়েছে। আনন্দ নিয়ে মাঠ ছাড়তে পারছি। তরুণ ক্রিকেটাররা উঠে আসছে। আমার মনে হয়েছে সরে দাঁড়ানোর এটাই সেরা সময়।" চ্যাম্পিয়ন হওয়ার পর মনে করেছেন জাতীয় লিগে নিজেদের বিবর্ণ শুরুটা। "প্রথম দিকে রাজশাহী এতো ভালো দল ছিলো না। ৫/৬ নম্বরে পড়ে থাকতাম আমরা। সে সময়ই জেদ ছিলো একদিন ঘুরে দাঁড়াবার। আমরা সেটা পেরেছি। পরপর তিনবার চ্যাম্পিয়ন হওয়াটা সহজ নয়।" রাজশাহী অনেক এগিয়েছে বলে মনে করেন তিনি। বলেছেন, "গত ৭/৮ বছর ধরেই আমরা ভালো ক্রিকেট খেলছি। বেঞ্চে অনেক ভালো ক্রিকেটার বসে আছে।" "বাংলাদেশের ক্রিকেটও অনেক এগিয়েছে। ঘরোয়া ক্রিকেটে একটা কাঠামো দাঁড়িয়েছে। খেলার মান ভালো হচ্ছে। অনেক ভেন্যু তৈরি হয়েছে। সুযোগ-সবিধা বেড়েছে। ভালো উইকেটে খেলা হচ্ছে।" সঙ্গে এও বলেছেন, "উন্নতিটা হচ্ছে অনেক ধীর গতিতে। আরো এগোনো সম্ভব ছিলো। বেশিরভাগ সময় জাতীয় দল নিয়ে কাজ হয়। প্রথম শ্রেণীর ক্রিকেট নিয়ে ততটা হয় না। দুই ধরনের ক্রিকেটে বৈষম্য কমানো প্রয়োজন। তাছাড়া সুযোগ সুবিধা বাড়ানোর ব্যাপারটাও দেখতে হবে।" ক্রিকেট থেকে সরে দাঁড়ালেও তার ভাবনায় ক্রিকেটই থাকবে বলে জানিয়েছেন। "এতোদিন খেলোয়াড় হিসেবে কাজ করেছি। তবে এখানো ক্রিকেটের জন্য কাজ করতে চাই। সম্মান দিয়ে বোর্ড ডাকলে আমি সব সময়ই থাকবো। আমাদের রাজশাহীর খেলোয়াড়দের একটা একাডেমি আছে। সব ক্রিকেটার তার এলাকায় ক্রিকেটের উন্নতি করলে সারা দেশের ক্রিকেটের চেহারাই পাল্টে যেত।" প্রথম শ্রেণীর ক্রিকেটে খেলেছেন সাড়ে তের বছর খেলেছেন। বলেছেন নিজের দীর্ঘ অভিজ্ঞতার কথা। কি করে রাজশাহী আজকের রাজশাহী হলো সে কথা বললেন তিনি। "একটা সময় চার দিনের খেলা আড়াই দিনে হেরে যেতাম। সে সময়ই ভাবতাম নিজেদের গড়ে তোলতে হবে। একদিন নিজেদের নিয়ে আসতে হবে সেরাদের কাতারে। সে ভাবনা থেকেই কোচিং শুরু করেছিলাম। সেখান থেকে আজ আমরা এখানে। তাছাড়া টিম স্পিরিটও একটা বড় ব্যাপার। সেটাই পার্থক্য গড়ে দিয়েছে।" রংপুর বিভাগ আলাদা হয়ে গেলে রাজশাহীর শক্তি খর্ব হবে বলে তিনি মনে করেন না। "রংপুর বিভাগ আলাদা হয়ে গেলেও ক্ষতি হবে না। আমাদের অনেক ক্রিকেটার রয়েছে। ১৫ জন করে দুটো দলে খেললে বরং আরো বেশি ক্রিকেটার খেলার সুযোগ পাবেন। আমাদের দ্বিতীয় যে দল আছে সেটা এই দলকে হারিয়েও দিতে পারে।" বাংলাদেশের ক্রিকেটকে এগিয়ে নিতে সুস্পষ্ট পরিকল্পনা থাকা প্রয়োজন বলে মনে করেন পাইলট। মনে করেন পরিকল্পনা হলে সবই সম্ভব। বলেছেন, "এখানে সবাই জানে কি করতে হবে। কিন্তু তা করছে। কারো উদ্যোগ নিতে হবে।" "প্রয়োজনে বিভাগীয় দলগুলোকে এসোসিয়েশন করা যেতে পারে। তারা স্থানীয়ভাবে স্পন্সর যোগাড় করতে পারে। বোর্ড শুধু টুর্নামেন্ট চালাবে। এতে তাদের খরচও অনেক কমে যাবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২৩৩১ ঘ.