ঢাকা, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জাতীয় ক্রিকেট লিগের পাঁচ দিনের চূড়ান্ত খেলার তৃতীয় দিনে নিজেদের দ্বিতীয় ইনিংসে ঢাকা বিভাগ ৩ উইকেটে ৯৭ রান করেছে। রাজশাহী বিভাগের চেয়ে তারা এগিয়ে আছে ৬৩ রানে।
মেহরাব হোসেন জুনিয়র ৩২ ও মাহমুদুল্লাহ রিয়াদ ৯ রানে অপরাজিত রয়েছেন।
এর আগে রাজধানীর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় দিন প্রথম ইনিংসে নাঈম ইসলামের শতকের সুবাদে রাজশাহী ১০৭ ওভার ৪ বলে সবকটি উইকেট হারিয়ে করে ৩১৪ রান। এতে প্রথম ইনিংসে ৩৪ রানের লিড পায় তারা। এর আগে দলটি দ্বিতীয় দিন শেষ করে ৪ উইকেটে ১৭৭ রানে।
দ্বিতীয় দিনে অসমাপ্ত পঞ্চম উইকেটে ১০৬ রান যোগ করেন ধীমান ঘোষ ও নাঈম ইসলাম। বড় লিডের জন্য তৃতীয় দিন তাদের দিকেই তাকিয়ে ছিলো রাজশাহী। কিন্তু বেশিক্ষণ টেকেননি ধীমান। দলীয় ১৯৭ রানে নাঈমকে একা রেখে সাজঘরে ফিরেন তিনি। ততক্ষণে করেন ৭৫ রান। আগের দিন ৬৬ রানে অপরাজিত ছিলেন ধীমান।
এর পর রাজশাহীকে প্রায় একাই টানতে হয়েছে নাঈমের। একপ্রান্ত আগলে রাখার পাশাপাশি রান তোলার কাজ তাকেই করতে হয়েছে। শেষ ব্যাটসম্যান হিসেবে বিদায় নেয়ার আগে করেন ১১২ রান। তার ২৮১ বলের ইনিংসে রয়েছে ১৫টি চার। আগের দিন ৪২ রানে অপরাজিত ছিলেন তিনি।
প্রথম শ্রেণীর ক্রিকেটে এটি নাঈমের ষষ্ঠ শতক। চলতি আসরে প্রথম।
এছাড়া অধিনায়ক খালেদ মাসুদ ১৭ ও ফরহাদ রেজা ১৫ রান করেন। দ্বিতীয় দিনে ৬ উইকেট হারিয়ে ৫৩ ওভার ৪ বল খেলে ১৩৭ রান যোগ করে রাজশাহী।
ঢাকার পক্ষে আগের দিন ৩ উইকেট নেয়া শাহাদাৎ তৃতীয় দিন নেন আরো দুই উইকেট। সব মিলিয়ে ৫ উইকেট নেন ৮২ রানে। এছাড়া অধিনায়ক মোহাম্মদ শরীফ ৩ উইকেট নেন ৬২ রানে।
নিজেদের দ্বিতীয় ইনিংসেও বিপদে পড়েছে ঢাকা। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ রনি তালুকদার (১)। মোহাম্মদ আশরাফুল রানের খাতা খোলার আগেই বিদায় নেন। ২০ রান করে আহত হয়ে অবসরে যান আনামুল হক। এছাড়া শামসুর রহমান করেন ২৮ রান।
প্রথম শ্রেণীর ক্রিকেটে এ নিয়ে আটবার ইনিংসে পাঁচ উইকেট নিলেন শাহাদাৎ। এবারের আসরে এটিই প্রথম।
প্রথম দিন মাহমুদুল্লাহ রিয়াদের ৫৭ ও ইলিয়াস সানির ৫৫ রানের সুবাদে প্রথম ইনিংসে ঢাকা ২৮০ রান করে।
রাজশাহীর পক্ষে ফরহাদ রেজা ও সাকলায়েন সজীব ৩টি করে উইকেট নেন। এজন্য রেজা দেন ৪১ রান। সজীব ৯২।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১৮০৪ ঘ.
bdnews24