ঢাকা, মে ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশের পেসার মাশরাফি বিন মর্তুজার পায়ে অস্ত্রোপচার সফল হয়েছে।
অস্ট্রেলিয়ায় বিশেষজ্ঞ চিকিৎসক ডেভিড ইয়াং বুধবার বাংলাদেশ সময় দুপুর ১টার দিকে মাশরাফির হাঁটুতে এই অস্ত্রোপচার করেন।
বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফির নাম প্রকাশে অনিচ্ছুক এক আত্মীয় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অস্ট্রেলিয়ায় মাশরাফির অস্ত্রোপচার সফল হয়েছে। 'গ্রাফটিং'য়েও কোনো সমস্যা হয়নি।
তিনি জানান, তবে এখনই হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন না মাশরাফি। তাকে আরো দুই দিন হাসপাতালে থাকতে হবে। আর অস্ট্রেলিয়ায় থাকতে হবে আরো ১৫ থেকে ১৮ দিন।
সাত থেকে আট মাস তাকে মাঠের বাইরে থাকতে হবে বলে তিনি জানান।
কিন্তু ইয়াংয়ের বরাত দিয়ে মাশরাফির অপর এক আত্মীয় জানান, চার থেকে পাঁচ মাস পর মাশরাফি মাঠে ফিরতে পারবেন।
এর আগে হাঁটুর চিকিৎসার জন্য শুক্রবার রাতে অস্ট্রেলিয়া রওয়ানা দেন মাশরাফি। সঙ্গে যান বাবা গোলাম মর্তুজা স্বপন।
ইয়াং মাশরাফির হাঁটুর প্রতিস্থাপিত লিগামেন্ট পরীক্ষা করে নতুন করে 'গ্রাফটিং'য়ের সিদ্ধান্ত নেন। ইয়াং বহুদিন ধরে মাশরাফির চিকিৎসা করে আসছেন।
এর আগে মাশরাফির দুই পায়ে অস্ত্রোপচার করেন তিনি ২০০৯ সালের অগাস্টে।
নভেম্বরে আবাহনীর হয়ে প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের একটি ম্যাচ খেলার সময় নতুন করে হাঁটুতে চোট পান মাশরাফি। এ জন্য বিশ্বকাপ ক্রিকেটেও খেলা হয়নি তার।
এর আগে ২২ জানুয়ারি হাটুর অবস্থা জানার জন্য শ্রীলঙ্কায় ইয়াংয়ের সঙ্গে দেখা করেন মাশরাফি। সে সময় চিকিৎসক মাশরাফিকে জানিয়েছিলেন যে তিনি বিশ্বকাপ খেলতে পারবেন। তবে বিশ্বকাপ দলে নেয়া হয়নি তাকে। যদিও অনুশীলন করেন দলের সঙ্গে।
সে সময় ইয়াং এ কথাও বলেন যে কিছুদিন ক্রিকেট থেকে দূরে সরে থাকলে মাশরাফির অস্ত্রোপচার করা লাগবে না। কিন্তু দীর্ঘদিন খেলতে চাইলে অস্ত্রোপচার করতে হবে। এর আগে মাশরাফির দুই পায়ে সাতবার অপারেশন করা হয়।
বিশ্বকাপের পর অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের একদিনের সিরিজের প্রথম ও শেষ খেলায় খেলেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/২১০০ ঘ.
bdnews24