২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুম্বাইকে মাটিতে নামালো পাঞ্জাব

পয়েন্ট তালিকার শীর্ষ দল মুম্বাই ইন্ডিয়ান্সকে ৭৬ রানের বড় ব্যবধানে হারিয়েছে কিংস ইলেভেন পাঞ্জাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2011, 06:08 PM

Updated : 24 Aug 2022, 03:02 PM

ঢাকা, মে ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পয়েন্ট তালিকার শীর্ষ দল মুম্বাই ইন্ডিয়ান্সকে ৭৬ রানের বড় ব্যবধানে হারিয়েছে কিংস ইলেভেন পাঞ্জাব। ১১ খেলায় এটি মুম্বাইয়ের তৃতীয় হার। তারপরও ১৬ পয়েন্ট নিয়ে এখনো তালিকার শীর্ষে রয়েছে মুম্বাই। অন্যদিকে ১০ খেলায় এটি পাঞ্জাবের চতুর্থ জয়। ৮ পয়েন্ট নিয়ে দলটি উঠে এসেছে তালিকার নয় নম্বরে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ৫৪তম খেলায় মঙ্গলবার চন্ডিগড়ের পাঞ্জাব ক্রিকেট এসোসিয়েশন স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন মুম্বাইয়ের অধিনায়ক শচীন টেন্ডুলকার। ব্যাট করতে নেমে উপরের সারির ব্যাটসম্যারা ভালো খেলায় ৮ উইকেটে ১৬৩ রান করে পাঞ্জাব। জবাব দিতে নেমে ১২ ওভার ৫ বলে ৮৭ রানে গুটিয়ে যায় মুম্বাই। জয়ের জন্য ১৬৪ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে মুম্বাই। শেষ পর্যন্ত ৪৩ বল বাকি থাকতেই গুটিয়ে যায় তাদের পালা। দলের পক্ষে সব চেয়ে বেশি ১৭ রান আসে কিয়েরন পোলার্ডের ব্যাট থেকে। এছাড়া এইডেন ব্লিজার্ড ১৫, আম্বাতি রাইয়ুদু ১৩ ও হরভজন সিং ১২ রান করেন। পাঞ্জাবের পক্ষে ভাগরভ ভাট ৪ উইকেট নেন ২২ রানে। এর আগে মুম্বাইয়ের মুনাফ প্যাটেলের ২১ রানে ৫ উইকেট নেয়ার পরও অধিনায়ক অ্যাডাম গিলক্রিস্ট ও শন মার্শ পাঞ্জাবের ইনিংসকে পথে রাখেন। দ্বিতীয় উইকেট জুটিতে গিলক্রিস্ট ও মার্শ ৭০ রান তুলে দলকে শক্ত অবস্থানে নিয়ে যান। দলীয় ৯২ রানের মাথায় গিলক্রিস্ট (২৮) বিদায় নিলেও অবিচল ছিলেন মার্শ। শেষ পর্যন্ত ৪৩ রান করে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে বিদায় নেন মার্শ। দলের রান তখন ১২৮। এছাড়া দিনেশ কার্তিক ৩১ ও পল ভালথাটি ১৪ রান করেন। অতিরিক্ত থেকে আসে ২২। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/০০০৪ ঘ.