ঢাকা, মে ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগের (এসএলপিএল) প্রথম আসরে অংশ নিচ্ছে দেশটির প্রদেশভিত্তিক সাত দল।
জুলাইয়ের শেষ দিক থেকে অগাস্টের শুরুতে এই প্রতিযোগিতা শুরু হবে। প্রথম আসরটি চলবে প্রায় ১৮দিন ধরে।
প্রতিটি দল পরস্পরের বিপক্ষে খেলবে একবার করে। শীর্ষ চার দল খেলবে সেমিফাইনালে। চ্যাম্পিয়ন দল চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টিতে খেলার সুযোগ পাবে।
প্রতিযোগিতার সব খেলা হবে কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে।
স্থানীয় ও আন্তর্জাতিক ক্রিকেটারদের নিয়ে গড়া হবে প্রতিটি দল। সব মিলে প্রতিটি দলে থাকবে ১৬ থেকে ১৮ খেলোয়াড়। প্রতি ম্যাচে কমপক্ষে সাতজন শ্রীলঙ্কার ক্রিকেটারকে খেলাতে হবে। তাদের মধ্যে একজন হবেন আবার অনূর্ধ্ব-২১ দলের সদস্য।
প্রতিটি দলে একজন করে নামকরা ক্রিকেটার থাকবেন। পাশাপাশি দেশটির সাবেক ক্রিকেটার দলের কোচ অথবা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন।
আইপিএলের মতো নিলাম হবে না এখানে। দলগুলো প্রয়োজন অনুয়ায়ী বিদেশি ক্রিকেটার নিতে পারবে। কিন্তু তাদের বাছাই করে দেবে বোর্ড।
বিদেশি ক্রিকেটার হিসেবে কিয়েরন পোলার্ড, ক্রিস গেইল, শহিদ আফ্রিদি, ড্যানিয়েল ভেট্টোরি, ড্যানিয়েল ক্রিশ্চিয়ান, হার্শেল গিবস ও কেভিন ও'ব্রায়েন এসএলপিএলে অংশ নিতে পারেন।
ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে দলে থাকতে পারেন, এমন ক্রিকেটারদের বাদ দিয়ে ভারতের বেশ কয়েকজনকে আমন্ত্রণ জানাতে পারে শ্রীলঙ্কা।
পাঁচ বছরের জন্য প্রতিযোগিতার স্বত্ব কিনে নিয়েছে সিঙ্গাপুর ভিত্তিক 'সামারসেট এন্টারটেইনমেন্ট'।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/২০৩৬ ঘ.
bdnews24