ঢাকা, মে ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাকিস্তানের সঙ্গে এখনই দ্বি-পাক্ষিক সফর শুরুতে রাজি নয় বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।
বিশ্বকাপ ক্রিকেটের পর দুই দেশের মধ্যে আবারো দ্বি-পাক্ষিক সফর শুরু হওয়ার একটি ক্ষেত্র তৈরি হয়েছিল। কিন্তু জঙ্গিবাদী নেতা ওসামা বিন লাদেনের মৃত্যুর পর পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে চিন্তায় পড়েছে বিসিসিআই।
জিক্রিকেট জানায়, এই মুহূর্তে পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক নয় বলে মনে করছে ভারতের ক্রিকেট বোর্ড। তাই দ্বি-পাক্ষিক সফরের কথা ভাবছেন না তারা।
এর আগে বিশ্বকাপের সেমিফাইনালে মোহালিতে ভারতের মুখোমুখি হয় পাকিস্তান। ওই খেলা দেখতে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানিকে আমন্ত্রণ জানান ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং।
এ সময় দুই প্রধানমন্ত্রী দ্বি-পাক্ষিক সফর শুরু করার ব্যাপারে নীতিগতভাবে সম্মত হন।
দুই দল শেষ দ্বি-পাক্ষিক সিরিজ খেলে ২০০৭-২০০৮ মৌসুমে। সেবার ভারত সফর করে পাকিস্তান। পরে মুম্বাইয়ে সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে দ্বিপাক্ষিক সফর বন্ধ হয়ে যায়।
২০০৯ সালের ৩ মার্চ লাহোরে সফররত শ্রীলঙ্কা দলের বাসে সন্ত্রাসবাদী হামলার পর থেকে পাকিস্তান সফরে যায়নি কোনো দল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/২০১৩ ঘ.
bdnews24