ঢাকা, মে ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের সঙ্গে চলমান বিতর্কে নতুন মাত্রা যোগ করলেন শিবনারায়ন চন্দরপল। এবার তিনি ব্যাট করার সময় বাধা সৃষ্টির অভিযোগ তুলেছেন।
চন্দরপল বলেন, জন ডাইসন ও বেনেট কিং যখন প্রশিক্ষণ দিতেন তখন এই ওয়েস্ট ইন্ডিজ দলই অপেক্ষাকৃত ভালো ক্রিকেট খেলেছে।
এক বেতার সাক্ষাৎকারে চন্দরপলকে জিজ্ঞেস করা হয়, বাদ পড়ার আগে নিজের ফর্ম নিয়ে সন্তুষ্ট ছিলেন কি না? জবাবে চন্দরপল বলেন, বার বার ভিন্ন জায়গায় ব্যাট করা এবং সেই সময় অহেতুক চাপ সৃষ্টি না করলে এর চেয়ে ভালো ব্যাট করা সম্ভব ছিল।
"যখনই উইকেটে 'সেট' হয়ে সহজেই রান পাচ্ছি, ঠিক তখনই 'ড্রেসিং রুম' থেকে বার্তা এসেছে এভাবে ব্যাট করতে হবে, ওভাবে ব্যাট করবেন না," বলেন চন্দরপল, "আমি ১৭ বছর ধরে ক্রিকেট খেলছি। ডাইসন আমাকে কিছুই বলতেন না। আর কিং বলতেন, যান নিজের কাজ করেন, আমার বলার দরকার নেই আপনাকে কি করতে হবে।"
চন্দরপল দাবি করেন, আউট হওয়ার আগ পর্যন্ত এ ধরনের বার্তা আসতেই থাকত।
চন্দরপল ও ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের প্রধান নির্বাহী আর্নেস্ট হিলারির মধ্যে কথার যুদ্ধ চলছে গত দুই সপ্তাহ ধরে। চন্দরপল দাবি করছেন, নির্বাচকরা তাকে অবসরে যাওয়ার পরামর্শ দিয়েছেন। এতে কান না দেয়ায় তাকে পাকিস্তানের বিপক্ষে একদিনের সিরিজে দল থেকে বাদ দেয়া হয়।
পাকিস্তানের বিপক্ষে একদিনের সিরিজের প্রথম দুই খেলায় চন্দরপল, রামনরেশ সারওয়ান ও ক্রিস গেইলকে দলে রাখা হয়নি। চতুর্থ একদিনের ম্যাচে খেলেন সারওয়ান। আর টেস্ট দলে ফিরতে পারেন চন্দরপল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/১৯৪২ ঘ.
bdnews24