২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাতে অস্ট্রেলিয়া যাচ্ছেন মাশরাফি

মাশরাফি বিন মর্তুজা হাঁটুর চিকিৎসার জন্য শুক্রবার রাতে অস্ট্রেলিয়া যাচ্ছেন। এই চোটের জন্য দেশ সেরা পেসারকে প্রায় মাঠের বাইরে থাকতে হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2011, 09:36 AM

Updated : 24 Aug 2022, 03:01 PM

ঢাকা, মে ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মাশরাফি বিন মর্তুজা হাঁটুর চিকিৎসার জন্য শুক্রবার রাতে অস্ট্রেলিয়া যাচ্ছেন। এই চোটের জন্য দেশ সেরা পেসারকে প্রায় মাঠের বাইরে থাকতে হচ্ছে। মালয়েশিয়ার বিমান সংস্থার একটি বিমানে করে রাত ১টা ২০ মিনিটে তিনি ঢাকা ছেড়ে যাবেন। সঙ্গে যাবেন বাবা গোলাম মর্তুজা স্বপন। মাশরাফি অস্ট্রেলিয়া পৌঁছাবেন শনিবার বিকেলে। পরদিন রোববার বিশেষজ্ঞ চিকিৎসক ডেভিড ইয়াংয়ের সঙ্গে দেখা করবেন মাশরাফি। হাঁটুর প্রতিস্থাপিত লিগামেন্ট পরীক্ষা করে চিকিৎসক তার সিদ্ধান্ত জানাবেন। ইয়াং বহুদিন ধরে মাশরাফির চিকিৎসা করে আসছেন। মাশরাফির দুই পায়ে সর্বশেষ অস্ত্রোপচার করেন তিনি ২০০৯ সালের অগাস্টে। আবাহনীর হয়ে প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের একটি ম্যাচ খেলার সময় নতুন করে হাঁটুতে চোট পান মাশরাফি। এ জন্য বিশ্বকাপ ক্রিকেটেও খেলা হয়নি তার। এর আগে ২২ জানুয়ারি হাটুর অবস্থা জানার জন্য শ্রীলঙ্কায় ইয়াংয়ের সঙ্গে দেখা করেন মাশরাফি। সে সময় চিকিৎসক মাশরাফিকে জানিয়েছিলেন যে তিনি বিশ্বকাপ খেলতে পারবেন। তবে বিশ্বকাপ দলে নেয়া হয়নি তাকে। যদিও অনুশীলন করেন দলের সঙ্গে। সে সময় ইয়াং এ কথাও বলেন যে কিছুদিন ক্রিকেট থেকে দূরে সরে থাকলে মাশরাফির অস্ত্রোপচার করা লাগবে না। কিন্তু দীর্ঘদিন খেলতে চাইলে অস্ত্রোপচার করতে হবে। দেশে ফিরে মাশরাফিও জানান, বিশ্বকাপের পর সুবিধা মতো সময়ে হাঁটুর চিকিৎসা করতে অস্ট্রেলিয়ায় ডা. ইয়াংয়ের সঙ্গে দেখা করবেন তিনি। এর আগে মাশরাফির দুই পায়ে সাতবার অপারেশন করা হয়। এবার অস্ত্রোপচার করা হলে প্রায় সাত মাস মাঠের বাইরে থাকতে হবে নড়াইল এক্সপ্রেসকে। বিশ্বকাপের পর অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের একদিনের সিরিজের প্রথম ও শেষ খেলায় খেলেন তিনি সিরিজ শেষে মাশরাফি জানান, এ বছরের শেষ নাগাদ সম্পূর্ণ সুস্থ হয়ে মাঠে ফিরতে চান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/১৫২৮ ঘ.ৃ