২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শেবাগের কাছে হারলো ডেকান

ডেকান চার্জার্সকে ৪ উইকেটে হারিয়েছে দিল্লি ডেয়ারডেভিলস। তখনও হাতে ছিলো ৬ বল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2011, 06:10 PM

Updated : 24 Aug 2022, 03:00 PM

ঢাকা, মে ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ডেকান চার্জার্সকে ৪ উইকেটে হারিয়েছে দিল্লি ডেয়ারডেভিলস। তখনও হাতে ছিলো ৬ বল। ১০ খেলায় এটি দিল্লির চতুর্থ জয়। অন্যদিকে সমান খেলায় এটি ডেকানের সপ্তম পরাজয়। হায়দারাবাদের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে বৃহস্পতিবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ৪৬তম খেলায় টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন দিল্লি অধিনায়ক বীরেন্দর শেবাগ। ব্যাট করতে নেমে জেপি ডুমিনির অর্ধশতকের সুবাদে ৫ উইকেটে ১৭৫ রান করে ডেকান। জবাবে শেবাগেরশতকের সুবাদে ১৯ ওভারে ৬ উইকেটে জয়ের লক্ষ্য ১৭৬ ছাড়িয়ে ১৭৯ রানে পৌঁছে দিল্লি। জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে ৫ ওভার ৪ বলে ২৫ রানে ৩ উইকেট হারিয়ে শুরুতেই চাপে পড়ে দিল্লি। দিল্লির প্রথম পাঁচ ব্যাটসম্যানের মধ্যে একমাত্র শেবাগই রান পেয়েছেন। বাকি চার ব্যাটসম্যানের ব্যাট থেকে আসে ১৪ রান। দলকে একাই টেনেছেন তিনি। অন্যপ্রান্তে ব্যাটসম্যানদের আসা যাওয়ার পালা চলতে থাকলেও একপ্রান্ত ধরে রাখার পাশাপাশি রান রেটও বাড়িয়ে নেন তিনি। চতুর্থ উইকেটে ট্র্যাভিস ব্রিট ও শেবাগ ৬১ রান যোগ করেন। এর মধ্যে ব্রিটের ব্যাট থেকে আসে কেবল ৪ রান। পঞ্চম উইকেটে শেবাগ ও ইরফান পাঠান যোগ করেন ৬৭ রান। দলীয় ১৫৩ রানে পঞ্চম ব্যাটসম্যান হিসেবে শেবাগ (১১৯) বিদায় নেয়ার সময় ম্যাচ অনেকটাই দিল্লির দিকে ঝুঁকে পড়েছে। তিনি তার ৫৬ বলের ইনিংস সাজান ১৩টি চার ও ৬টি ছয় দিয়ে। টি-টোয়েন্টিতে এটিই তার প্রথম শতক। আইপিএলে এবারের আসরে এটি চতুর্থ শতক। এর আগে পল ভালথেটি, শচীন টেন্ডুলকার ও ক্রিস গেইল শতকের দেখা পান। শেষ পর্যন্ত জেমস হোপ ও যুগেশ নগর দলকে ৪ উইকেটের জয় এনে দেন। হোপ ১৭ ও নগর ৭ রানে অপরাজিত থাকেন। ডেকানে পক্ষে ইশান্ত শর্মা ও ডেল স্টেইন ২টি করে উইকেট নেন। এ জন্য ইশান্ত দেন ১৬ রান। স্টেইন ২৪। এর আগে উপরের সারির ব্যাটসম্যানদের ভালো ব্যাটিংয়ে দিল্লিকে বড়সড় লক্ষ্য ছুঁড়ে দেয় ডেকান। প্রথম চার ব্যাটসম্যানদের মধ্যে একমাত্র উদ্বোধনী ব্যাটসম্যান রবি তেজা (২) দু'অঙ্কে পৌঁছতে ব্যর্থ হন। অন্য উদ্বোধনী ব্যাটসম্যান শিখর ধাওয়ানের ব্যাট থেকে আসে ২৯ রান। ডেকানকে লড়াইয়ের মূল পুঁজি গড়ে দেন অধিনায়ক কুমার সাঙ্গাকারা ও ডুমিনি। তিন নম্বর ব্যাটসম্যান সাঙ্গাকারা ৩৬ বলে করেন ৪৪ রান। তিনি তার ইনিংস সাজান ৮টি চার দিয়ে। সর্বোচ্চ ৫৫ রান করেন চার নম্বর ব্যাটসম্যান ডুমিনি। তার ৩১ বলের ইনিংসে রয়েছে ২টি চার ও ৪টি ছয়। দলীয় ১৫৮ রানে চতুর্থ ব্যাটসম্যান হিসেবে ডুমিনি বিদায় নেয়ার পর দলকে ১৭৫ রান পর্যন্ত টেনে নেন ডেন ক্রিশ্চিয়ান। শেষ পর্যন্ত রানে ২৭ অপরাজিত ছিলেন তিনি। দিল্লির পক্ষে অজিত আগারকার ২ উইকেট ২৯ রানে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/০০০৫ ঘ.