ঢাকা, মে ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কোচি টাস্কার্স কেরালার কাছে ১৭ রানে হেরেছে কলকাতা নাইট রাইডার্স।
১০ খেলায় এটি কোচির পঞ্চম জয়। অন্যদিকে সমান খেলায় এটি কলকাতার ৪র্থ পরাজয়।
কোচির নেহেরু স্টেডিয়ামে বৃহস্পতিবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ৪৫তম খেলায় টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন কলকাতার অধিনায়ক গৌতম গম্ভির।
ব্যাট করতে নেমে অধিনায়ক মাহেলা জয়াবর্ধনের অর্ধশতকের সুবাদে ৫ উইকেটে ১৫৬ রান করে কোচি। জবাবে জয়ের জন্য ১৫৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ইয়ন মর্গানের অর্ধশতকের পরেও ৭ উইকেটে ১৩৯ রানে থামে কলকাতার ইনিংস।
লক্ষ্য তাড়া করতে নেমে কলকাতার পক্ষে যা করেছেন দুই উদ্বোধনী ব্যাটসম্যানই। ১০ ওভার ২ বল স্থায়ী উদ্বোধনী জুটিতে জ্যাক ক্যালিস ও মর্গান তোলেন ৬৯ রান।
৪১ বলে ৪৫ রান করে ক্যালিস বিদায় নেয়ার একা হয়ে পড়েন মর্গান। ক্যালিস তার ইনিংস সাজান ৫টি চার দিয়ে।
একপ্রান্তে মর্গান ৫১ বলে ৬৬ রানের দুর্দান্ত ইনিংস খেললেও অন্যপ্রান্তে ছিলো কেবল ব্যাটসম্যানদের আসা যাওয়ার পালা। একমাত্র ইউসুফ পাঠান (১৭) ছাড়া আর কেউ দু'অঙ্কেও পৌঁছতে পারেন নি।
মর্গান তার ইনিংস সাজান ৮টি চার ও ২টি ছয়ের সাহায্যে।
কোচির পক্ষে রাইফি গোমেজ ও বিনয় কুমার ২টি করে উইকেট নেন। এজন্য গোমেজ দেন ১৪ রান। বিনয় ২৮।
এর আগে ব্যাট করতে নেমে শুরু থেকে নিয়মিত উইকেট হারালেও একপ্রান্ত আগলে রেখেছিলেন মাহেলা। পঞ্চম ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফেরার আগে করেন ৫৫ রান। তিনি তার ৪১ বলের ইনিংসে ২টি চার ও ২টি ছয় মারেন।
শেষ দিকে দিকে ব্র্যাড হজ ১৯ বলে ৩৫ রান তোলে দলকে এনে দেন লড়াই করার পুঁজি। হজ তার হার না মানা ইনিংস সাজান ৩টি চার ও ২টি ছয় দিয়ে।
এ ছাড়া মিচেল কিঙ্গার ২৯ ও পার্থিব প্যাটেল ২১ রান করেন।
কলকতার পক্ষে জয়দেব উনাদকাত ২ উইকেট নেন ২৫ রানে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২০৪১ ঘ.
bdnews24