ঢাকা, মে ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মুম্বাই ইন্ডিয়ান্সের পক্ষ থেকে জানানো হয়েছে, জয়পুরের 'সাওয়াই মানসিং' স্টেডিয়ামের উইকেট নিয়ে তারা আনুষ্ঠানিক কোনো অভিযোগ করেনি। বরং তাদের অভিযোগ এটি নিয়ে রাজস্থান অনৈতিক ও বাজে মন্তব্য করে বিষয়টি সংবেদনশীন করে তোলার চেষ্টা করছে।
মুম্বাই ইন্ডিয়ান্সের পক্ষ থেকে মঙ্গলবার এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।
জয়পুরে ২৯ এপ্রিল রাজস্থান রয়্যালসের বিপক্ষে ম্যাচে ৮ উইকেটে মাত্র ৯৪ রান তুলতে সক্ষম হয়েছিলো মুম্বাই। রাজস্থান ৭ উইকেটে ম্যাচ জেতে।
ম্যাচ শেষে মুম্বাই অধিনায়ক শচীন টেন্ডুলকার তার দলের খারাপ খেলার কারণ হিসেবে জয়পুরের উইকেটকে 'টাফ পিচ' বলে উল্লেখ করে মুম্বাই থেকে জয়পুরের উইকেট আলাদা বলে জানান। যদিও তিনি রাজস্থান খেলোয়াড়দের কৃতিত্ব দিতেও ভোলেননি।
পরে খবর পাওয়া যায় যে, মুম্বাই জয়পুরের উইকেট নিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিক অভিযোগ করেছে। রাজস্থান রয়্যালস অধিনায়ক শেন ওয়ার্ন ওই অভিযোগকে হতাশজন বলে এর সমালোচনাও করেন।
মুম্বাই পরের ম্যাচে ২ এপ্রিল কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে ২৩ রানে জেতে। শচীন নিজে ৫১ রান করেন। খেলা হয় মুম্বাইয়ের ওয়েংখেড়ে স্টেডিয়ামে।
ওই ম্যাচের পর রাজস্থান ক্রিকেট অ্যাসোসিয়েশনের সম্পাদক সঞ্জয় দিক্ষিত টুইটার বার্তায় লেখেন, শচীন ফুল টস বলে আউট হয়েছেন। কিন্তু এখন উইকেট নিয়ে কোনো অভিযোগ করেননি।
পরে মুম্বাইয়ের পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়, "আমরা জয়পুরের উইকেট নিয়ে কোনো আনুষ্ঠানিক অভিযোগ করিনি। কিন্তু রাজস্থান রয়্যালস ও রাজস্থান ক্রিকেট অ্যাসোসিয়েশনের একজন কর্মকর্তা বিষয়টিকে জটিল ও সংবেদনশীল করার অপচেষ্টা করছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১৯০২ ঘ.
bdnews24