ঢাকা, মে ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ৪২তম ম্যাচে মঙ্গলবার ডেকান চার্জার্সকে ২০ রানে হারিয়েছে কলকাতা নাইট রাইডার্স। এ জয়ের ফলে পয়েন্ট তালিয়ায় আবারো শীর্ষে উঠে গেল শাহরুখের দল।
৯ খেলায় কলকাতার পয়েন্ট ১২। মুম্বাই ইন্ডিয়ান্সের পয়েন্টও ১২। তবে রান রেটে এগিয়ে কলকাতা। যদিও মুম্বাই এক ম্যাচ কম খেলেছে।
রাজিব গান্ধি আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ১৬৯ রান করে কলকাতা। জবাবে ৬ উইকেট হারিয়ে ১৪৯ রান তুলতে সক্ষম হয় ডেকান।
১৭০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো করেন ডেকানের দুই উদ্বোধনী ব্যাটসম্যান সানি সোহাল ও শেখর ধাওয়ান। সোহাল ২৬ রান করে আউট হয়ে গেলেও ব্যাটিং তান্ডব চালিয়ে যেতে থাকেন ধাওয়ান। তবে অন্য প্রান্তে নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকে। ধাওয়ান ৪টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৪৫ বলে ৫৪ রান করেন।
এছাড়া ড্যানিয়েল ক্রিসটেইন ৩০ রান করেন।
কলকাতার পক্ষে ২টি করে উইকেট নেন রজত ভাটিয়া ও ইকবাল আব্দুল্লাহ। এজন্য ভাটিয়া দেন ২৬ রান। আব্দুল্লাহ দেন ৩৪।
এর আগে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা তেমন ভালো না হলেও ইউসুফ পাঠানের ব্যাটিং তান্ডবে বড় সংগ্রহ গড়ে কলকাতা। ইউসুফ দলীয় সর্বোচ্চ ৪৭ রান করে অপরাজিত ছিলেন। তিনি মাত্র ২৬ বলে ৩টি চার ও ৩টি ছক্কার সাহায্যে এই রান করেন।
এছাড়া অধিনায়ক গৌতম গম্ভীর ৩৫, মনোজ তিওয়ারি ৩৩ ও জ্যাক ক্যালিস ৩০ রান করেন।
টস জিতে কলকাতাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান ডেকান অধিনায়াক কুমার সাঙ্গাকারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/০০০৪ ঘ.
bdnews24