ঢাকা, মে ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দল নির্বাচন নিয়ে নির্বাচক কমিটির অন্যান্য সদস্যদের সঙ্গে মতবিরোধ দেখা দেয়ায় পদত্যাগ করার হুমকি দিয়েছেন পাকিস্তানের প্রধান নির্বাচক মশিন খান।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য ১৫ সদস্যের প্রাথমিক দল নিয়ে এই মতবিরোধ দেখা দেয়।
গতবছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে মশিন খানকে প্রধান নির্বাচক করা হয়েছিলো।
মশিন খান পাকিস্তান ক্রিকেট বোর্ডকে বিষয়টি নিষ্পত্তির জন্য বুধবার দুপুর পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন। এর মধ্যে সমস্যার সমাধান না হলে তিনি পদত্যাগ করবেন জানিয়ে ইএসপিএনক্রিকইনফোকে বলেন, "আমি বুধবার আমার ভবিষ্যত নিয়ে গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত নেব। দল নির্বাচন নিয়ে সমস্যার সৃষ্টি হয়েছে। যার দ্রুত সমাধান প্রয়োজন। এটা নিয়ে আমি বোর্ডের সঙ্গে কথা বলেছি।"
যদিও বিষয়টি নিয়ে মশিন বিস্তারিত কিছু জানাননি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/২১০০ ঘ.
bdnews24