২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাঞ্জাবের বিরুদ্ধে মুম্বাইয়ের সহজ জয়

কিংস ইলিভেন পাঞ্জাবকে ২৩ রানে হারিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2011, 02:31 PM

Updated : 24 Aug 2022, 02:59 PM

ঢাকা, মে ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কিংস ইলিভেন পাঞ্জাবকে ২৩ রানে হারিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। ৮ খেলায় এটি মুম্বাইয়ের ৬ষ্ঠ জয়। এ জয়ের ফলে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে মুম্বাই। অন্যদিকে ৭ খেলায় এটি পাঞ্জাবের ৪র্থ পরাজয়। ৬ পয়েন্ট নিয়ে দলটির অবস্থান আটে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ৪০ তম খেলায় সোমবার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন পাঞ্জাবের অধিনায়ক অ্যাডাম গিলক্রিস্ট। ব্যাট করতে নেমে শচীন টেন্ডুলকার ও অম্বতি রাইডুর অর্ধশতকের সুবাদে ৫ উইকটে ১৫৯ রান করে মুম্বাই। জবাবে শন মার্শের অর্ধশতকের পরেও ৮ উইকেটে ১৩৬ রানে থামে পাঞ্জাবের ইনিংস। জয়ের জন্য ১৬০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দ্বিতীয় উইকেটে পল ভালথাটি (৩৩) ও মার্শ (৬১) ৭২ রান যোগ করে দলকে লড়াইয়েই রাখেন। প্রথম ওভারেই গিলক্রিস্ট (০) বিদায় নেয়ার পর এ দুজন উইকেট ধরে রাখার পাশাপাশি রান তোলার গতিও ঠিক রেখেছিলেন। দলীয় ৭৩ রানে ভালথেটি বিদায় নেয়ার পর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ম্যাচ থেকে ক্রমশ দূরে সরে যায় পাঞ্জাব। ৭ম ব্যাটসম্যান হিসেবে বিদায় নেয়ার আগে মার্শ একপ্রান্ত আগলে রেখে লড়াই অব্যাহত রেখেছিলেন। কিন্তু অন্যপ্রান্ত থেকে তেমন সহায়তা না পাওয়ায় কিছুই করার ছিলো না তার। মার্শ তার ৪৭ বলের ইনিংসটি সাজান ৮টি চারের সাহায্যে। মুম্বাইয়ের পক্ষে মুনাফ প্যাটেল, লাসিথ মালিঙ্গা ও হরভজন সিং ২টি করে উইকেট নেন। এজন্য মুনাফ দেন ১৮ রান। মালিঙ্গা ১৯। হরভজন ২৫। এর আগে দ্বিতীয় উইকেটে ৯৫ রান তোলে মুম্বাইকে শক্ত ভীত গড়ে দেন রাইডু ও শচীন। ১৫তম ওভারে দলীয় ১০৯ রানে শচীনকে একা রেখে বিদায় নেন রাইডু (৫১)। তিনি তার ৩৭ বলের ইনিংস সাজান ৮টি চার ১টি ছয় দিয়ে। দলীয় ১২৯ রানের মাথায় শচীন (৫১) বিদায় নিলেও দলকে লড়াইয়ের পুঁজি এনে দেন কিয়েরন পোলার্ড (২০) ও রোহিত শর্মা (১৮)। শচীনের ৪৫ বলের ইনিংসে ৩টি চার ও ১টি ছয় রয়েছে। পাঞ্জাবের পক্ষে রায়ান হ্যারিস ২ উইকেট নেন ৩৩ রানে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২০২৪ ঘ.