ঢাকা, মে ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুনা ওয়ারিয়র্সের বিপক্ষে ৬ উইকেটের জয় পেয়েছে রাজস্থান রয়্যালস। তখনও হাতে ছিলো ৩ বল।
৯ খেলায় এটি রাজস্থানের পঞ্চম জয়। এ জয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে দলটি। অন্যদিকে ৮ খেলায় এটি পুনার ষষ্ঠ হার। পয়েন্ট তালিকায় দলটির অবস্থান দশ নম্বরে।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ৩৮তম খেলায় রোববার জয়পুরের মানসিং স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন রাজস্থানের অধিনায়ক শেন ওয়ার্ন।
ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৪৩ রান করে পুনা। জবাবে ১৯ ওভার ৩ বলে ৪ উইকেটে জয়ের লক্ষ্য ১৪৪ রানে পৌঁছে যায় রাজস্থান।
লক্ষ্য তাড়া করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে রাজস্থান। প্রথম চার ব্যাটসম্যানের সবাই দু'অঙ্কে পৌঁছে বিদায় নেন। তবে রান তোলার গতি ছিলো বেশ কম। ১৫তম ওভারের প্রথম বলে মানেরিয়া (২৯) দলীয় ৯২ রানে চতুর্থ ব্যাটসম্যান হিসেবে বিদায় নিলে রাজস্থানের উপর চাপ আরো বাড়ে।
কিন্তু অসমাপ্ত পঞ্চম উইকেটে রস টেলর ও অজিঙ্কিয়া রাহানে ৫২ রানে জুটি গড়ে দলকে এনে দেন দারুণ এক জয়। শেষ পর্যন্ত টেলর ৪৭ ও রাহানে ১৫ রানে অপরাজিত ছিলেন। উইকেট ধরে রাখার পাশাপাশি রান তোলার গতিও তাদের অনেকটা বাড়াতে হয়েছে।
টেলর তার ৩৫ বলের ইনিংস সাজান ৪টি চার ও ২টি ছয় দিয়ে। এ ছাড়া শেন ওয়াটসন ১২, রাহুল দ্রাবিড় ১৮ ও জোহান বোথা ১২ রান করেন।
পুনার পক্ষে রাহুল শর্মা ৩ উইকেট নেন ১৩ রানে।
এর আগে জেসি রাইডার ১২, মানিশ পান্ডে ৩০ ও রবিন উথাপ্পা ৩৫ পুনাকে উড়ন্ত সূচনা এনে দেন। এক পর্যায়ে ১২ ওভার বলে ৩ উইকেটে পুনার রান ছিলো ৯১। কিন্তু পরের দিকে ব্যাটসম্যানদের ব্যর্থতায় শেষ দিকে তেমন রান পায়নি পুনা। ফলে অনেক বড় রানের সম্ভাবনা জাগিয়েও থামে ১৪৩ রানে।
রাজস্থানের পক্ষে সিদ্ধার্থ ত্রিবেদী ২৮ রানে নেন ২ উইকেট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২০৪১ ঘ.
bdnews24