২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সমতা ফেরাল দ. আফ্রিকা একাডেমি

জিপি-বিসিবি একাডেমি দলের বিপক্ষে সিরিজের দ্বিতীয় একদিনের খেলায় ৮ উইকেটের বড় জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা জাতীয় ক্রিকেট একাডেমি দল। তখনও হাতে ছিলো ১০০ বল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2011, 03:04 PM

Updated : 24 Aug 2022, 02:59 PM

ঢাকা, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জিপি-বিসিবি একাডেমি দলের বিপক্ষে সিরিজের দ্বিতীয় একদিনের খেলায় ৮ উইকেটের বড় জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা জাতীয় ক্রিকেট একাডেমি দল। তখনও হাতে ছিলো ১০০ বল। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শনিবার টস জিতে ব্যাট করতে নেমে মমিনুল হকের অর্ধশতকের পরেও ৪০ ওভার ৪ বলে ১৫০ রানে গুটিয়ে যায় জিপি-বিসিবি একাডেমি। জবাবে কডি চেট্টির অপরাজিত অর্ধশতকের সুবাদে ৩৩ ওভার ২ বলে ২ উইকেটে জয়ের লক্ষ্য ১৫১ ছাড়িয়ে ১৫৩ রানে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা একাডেমি। ছোট লক্ষ্য তাড়া করতে নেমে সফরকারী দলের দুই উদ্বোধনী ব্যাটসম্যান ছিলেন দুই মেজাজে। একপ্রান্তে ভ্যান উইক যেখানে সহজেই রান পাচ্ছিলেন সেখানে অন্যপ্রান্তে অধিনায়ক জশুয়া রিচার্ডসকে রীতিমত কসরত করতে হয়েছে। দলীয় ৫১ রানে জশুয়াকে (১৯) বিদায় করে পরাজয়ের ব্যবধান কমানোর আভাস দেন সানজামুল ইসলাম। পরে দলীয় ৯৭ রানে ভ্যান উইককেও (৪৮) ফেরান তিনি। তবে এই শেষ। এর পরের সময় টুকু চেট্টি আর ক্রিস্টিয়ানের। এ দুজন অবিচ্ছন্ন তৃতীয় উইকেটে ৫৬ রান যোগ করে দলকে বড় জয় এনে দেন। শেষ পর্যন্ত চেট্টি ৫০ রানে ও ক্রিস্টিয়ান ২৪ রানে অপরাচিত ছিলেন। চেট্টি তার ৬৫ বলের ইনিংস সাজান ৬টি চার ও ১টি ছয়ের সাহায্যে। সানজামুল ২ উইকেট নেন ২৪ রানে। এর আগে ব্যাট করতে নেমে প্রথম খেলার মতো দ্বিতীয় খেলাতেও শুরুতেই উইকেট হারিয়ে চাপে পড়ে স্বাগতিকরা। প্রথম চার ব্যাটসম্যানের ব্যাট থেকে আসে সব মিলিয়ে ১২ রান। ৫ নম্বর ব্যাটসম্যান মমিনুল হক দলের পক্ষে সর্বোচ্চ ৫৩ রান করেন। আলাউদ্দিন বাবুর ব্যাট থেকে আসে ৩৬। এর বাইরে একমাত্র আসিফ আহমেদ (১৫) পৌঁছেন দুঅঙ্কে। সফরকারী দলের পক্ষে মার্চেন্ট ডি ল্যাঙ্গ ৫ উইকেট নেন ৩৩ রানে। এ জয়ের ফলে ৩ ম্যাচের একাডেমি কাপে ১-১ সমতা ফেরালো দক্ষিণ আফ্রিকা একাডেমি দল। এর আগে ২৮ এপ্রিল প্রথম খেলায় ৪ উইকেটে জেতে স্বাগতিকরা। একই মাঠে ২ মে অলিখিত ফাইনালে খেলবে দু'দল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২০৪৬ ঘ.