ঢাকা এপ্রিল ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাডেমি কাপের প্রথম একদিনের খেলায় দক্ষিণ আফ্রিকা জাতীয় ক্রিকেট একাডেমি দলকে ৪ উইকেটে হারিয়েছে জিপি-বিসিবি একাডেমি দল। তখনও হাতে ছিলো ২০ বল।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ডমিনিক হেনড্রিকসের অর্ধশতকের সুবাদে ৮ উইকেটে ২১৩ রান করে সফরকারীরা। জবাবে সৌম্য সরকার ও আসিফ আহমেদের অর্ধশতকের সুবাদে ৪৬ ওভার ৪ বলে ৬ উইকেটে জয়ের লক্ষ্য ২১৪ রান ছাড়িয়ে ২১৬ রানে পৌঁছে যায় স্বাগতিকরা।
ছোট লক্ষ্য তাড়া করতে নেমে জিপি-বিসিবি একাদশের শুরুটা মোটেও ভালো হয়নি। ৯ ওভারে ২৫ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে শঙ্কার মধ্যে পড়ে যায় স্বাগতিকরা। দলকে ওই অবস্থা থেকে টেনে তোলেন সৌম্য ও আসিফ।
ষষ্ঠ উইকেটে এ দুজন যোগ করেন ১৩৯ রান। উইকেট ধরে রাখার পাশাপাশি রান রেটও বেশ বাড়িয়ে নেন তারা। দলীয় ১৬৪ রানে সৌম্য (৮১) বিদায় নিলে আবারো বিপদে পড়ে জিপি-বিসিবি একাডেমি।
সৌম্য তার ৯১ বলের ইনিংস সাজান ৭টি চার ও ৩টি ছয়ের সাহায্যে।
সৌম্য বিদায় নিলেও স্বাগতিকদের সহজ জয় এনে দেন আসিফ ও আলাউদ্দিন বাবু। অসআপ্ত সপ্তম উইকেটে এ দুজন ৫২ রান যোগ করেন। শেষ পর্যন্ত আসিফ ৭৬ রানে অপরাজিত ছিলেন। তিনি তার ১২৪ বলের ইনিংস সাজান ৬টি চার দিয়ে। অন্যপ্রান্তে বাবু ২১ রানে অপরাজিত থাকেন।
সফরকারী দলের পক্ষে হেরডস ভিলিওন ৩ উইকেট নেন ৩০ রানে।
এর আগে স্বাগতিক স্পিনারদের বিপক্ষে প্রায় একাই লড়াই করেন হেনড্রিকস। একপ্রান্তে ব্যাটসম্যানদের আসা যাওয়ার পালা চলতে থাকলেও অবিচল ছিলেন তিনি। ৪৮ তম ওভারে সপ্তম ব্যাটসম্যান হিসেবে বিদায় নেয়ার আগে ১২৭ বলে খেলেন ৮৫ রানের অনবদ্য ইনিংস। এতে রয়েছে ৫টি চারের মার।
এছাড়া কডি চেট্টি ৩০, লেফা মসেনা ৩৩ ও ভিলিওন ৩১ রান করেন।
জিপি-বিসিবি একাডেমি দলের পক্ষে বাবু ৪ উইকেট নেন ৩৩ রানে। সানজামুল ইসলাম ৩ উইকেট নেন ৪২ রানে।
একই মাঠে দুদল ৩০ এপ্রিল দ্বিতীয় ও ২ মে তৃতীয় ম্যাচ খেলবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২৩২২ ঘ.
bdnews24