ঢাকা, এপ্রিল ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কোচি টাস্কার্স কেরালাকে ৫৫ রানে হারিয়েছে ডেকান চার্জার্স।
৭ খেলায় এটি ডেকানের তৃতীয় জয়। অন্যদিকে সমান খেলায় এটি কোচির চতুর্থ পরাজয়।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ৩২তম খেলায় কোচির নেহেরু স্টেডিয়ামে বুধবার টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন কোচির অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে। ব্যাট করতে নেমে অধিনায়ক কুমার সাঙ্গাকারার অর্ধশতকের সুবাদে ৭ উইকেটে ১২৯ রান করে ডেকান। জয়ের জন্য ১৩০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৬ ওভার ৩ বলে ৭৪ রানে গুটিয়ে যায় কোচি।
ছোট লক্ষ্য তাড়া করতে নেমে কোচির শুরুটা ছিলো রীতিমত দুঃস্বপ্ন। ইশান্ত শর্মার দুর্দান্ত বোলিংয়ে মুখে ৬ রান তোলতেই ৫ উইকেট হারায় কোচি। ব্রেন্ডন ম্যাককালামকে বিদায় করে দিয়ে শুরুটা ডেল স্টেইন করলেও পরের পাচ ব্যাটসম্যানকে একে একে সাজঘরে পাঠিয়ে সেখানেই কোচির সম্ভাবনা শেষ করে দেন ইশান্ত। পরে ফিরে পরপর দুবলে শেষ দুই ব্যাটসম্যানকে ফেরান স্টেইন।
দলীয় ১১ রানে মাহেলা জয়াবর্ধনে (৪) বিদায় নেয়ার পর কোচি খেলেছে সম্মান বাঁচাতে। প্রথম ৬ ব্যাটসম্যানের মধ্যে একমাত্র জয়াবর্ধনেই রানের দেখা পান। বাকি পাঁচজন রানের খাতা খুলার আগে ফেরেন সাজঘরে। এর মধ্যে তিনজনকে নিজের প্রথম ওভারেই (খেলার দ্বিতীয়) বিদায় করেন ইশান্ত।
১১ রানে ৬ উইকেট হারানো কোচিকে আরো বড় লজ্জার হাত থেকে বাঁচিয়েছেন পরের দিকের ব্যাটসম্যানরা। সপ্তম উইকেটে রবীন্দ্র জাদেজা ও থিসেরা পেরেরা ৩৬ রান যোগ করে প্রথম প্রতিরোধ গড়ে তোলেন।
দলীয় ৪৭ রানে পেরেরা বিদায় নিলেও থেমে যায়নি রানের চাকা। তবে দলীয় ৭৩ রানে জাদেজা (২৩) বিদায় নিলে লড়াই করার শেষ অস্ত্রও হারায় কোচি। শেষ পর্যন্ত ২১ বল বাকি থাকতেই থেমে যায় কোচির ইনিংস।
ডেকানের পক্ষে ইশান্ত ৫ উইকেট নেন ১২ রানে।
এর আগে ২০ রানে ৩ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা ডেকানকে পথ দেখান সাঙ্গাকারা। চতুর্থ উইকেটে সাঙ্গাকারা ও ক্যামেরন হোয়াইট যোগ করেন ৯০ রান। দলীয় ১১০ রানের মাথায় হোয়াইট (৩১) ও সাঙ্গাকারা (৬৫) বিদায় নিলে আর বেশি দূর এগোয়নি ডেকানের ইনিংস।
সাঙ্গাকারা তার ৪৭ বলের ইনিংসটি সাজান ১০টি চারের সাহায্যে। এ দুজন ছাড়া ডেকানের আর কেউ পারেননি দু'অঙ্কে পৌঁছতে।
কোচির পক্ষে বিনয় কুমার ৩ উইকেট নেন ২৫ রানে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১১৫০ ঘ.
bdnews24