ঢাকা, এপ্রিল ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভারতের সাবেক ক্রিকেটার জ্যাকব মার্টিনকে মঙ্গলবার রাতে দিল্লীতে গ্রেফতার করা হয়েছে।
২০০৩ সালে মানব-পাচারের এক মামলায় জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়।
মামলাটি ভারতের ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক এয়ারপোর্ট পুলিশ স্টেশনে দায়ের করা হয়েছিল।
তার এই ঘৃণ্য কাজটি সবার নজরে আসে, যখন জাল পাসপোর্টসহ নিমেশ কুমার নামে একজনকে গ্রেফতার করা হয়। পুলিশি জিঞ্জাসাবাদে ভেতরের অনেক খবর বেরিয়ে আসে।
নিমেশ জানায়, তাকে ইংল্যান্ডে নিয়ে গিয়ে খেলাবে; এই কথা বলে জ্যাকব ও আরেকজন ব্যক্তি তার (নিমেশ) কাছ থেকে ৭ লাখ রূপি নিয়েছে।
পিটিআইকে দেয়া সাক্ষাৎকারে পুলিশের ডেপুটি কমিশনার আরএ সানজিভ বলেন, "জ্যাকব 'আজওয়া স্পোর্টস ক্লাব' নামে একটি ভুয়া দল গঠন করেছিল। নিজেকে সেই দলের সদস্য বলে দাবীও করতো সে। "
তদন্তের স্বার্থে বারবার জ্যাকবের সাহায্য চাওয়া সত্ত্বেও তিনি বিষয়টি নিয়ে খুব এটা গা করেননি। অবশেষে, গত সপ্তাহে সুপ্রিম কোর্ট তার অন্তর্বর্তীকালীন জামিন নামঞ্জুর করে তাকে গ্রেফতারের আদেশ দেয়।
তারই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার রাতে গ্রেফতার হন জ্যাকব মার্টিন।
তাকে গ্রেফতারের উদ্দেশ্যে দিল্লী পুলিশ ২৫ হাজার রূপি অর্থ পুরস্কারও ঘোষণা করেছিল।
ভারতের হয়ে ১৯৯৯ থেকে ২০০১ সাল পর্যন্ত ১০টি একদিনের আন্তর্জাতিক ম্যাচে অংশ নেয়া জ্যাকব ২২.৫৭ গড়ে ১৫৮ রান সংগ্রহ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এসএনএল/১৬৫৫ ঘ.
bdnews24