২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের নতুন কোচ ডানকান ফ্লেচার

জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক ডানকান ফ্লেচারকে ভারতের জাতীয় ক্রিকেট দলের কোচ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। ভারতের বিশ্বকাপ জয়ী কোচ গ্যারি ক্রিস্টেনের স্থলাভিষিক্ত হলেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2011, 07:29 AM

Updated : 24 Aug 2022, 02:58 PM

ঢাকা, এপ্রিল ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক ডানকান ফ্লেচারকে ভারতের জাতীয় ক্রিকেট দলের কোচ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। ভারতের বিশ্বকাপ জয়ী কোচ গ্যারি ক্রিস্টেনের স্থলাভিষিক্ত হলেন তিনি। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) জানিয়েছে, ফ্লেচারের সঙ্গে দুই বছরের চুক্তি করা হয়েছে। মুম্বাইয়ে বুধবার এ বিষয়ক কমিটির বৈঠকে ফ্লেচারকে কোচ হিসেবে নিয়োগের সিদ্ধান্ত নেয়া হয়। তবে বোলিং কোচের দায়িত্বে এরিক সিমন্সই থাকছেন। বিসিসিআইয়ের সহকারী এন শ্রনিভাসন সাংবাদিকদের বলেন, "ফ্লেচারের সঙ্গে দুই বছরের চুক্তি হয়েছে। কিন্তু পূর্ববর্তী কিছু কাজের জন্য তিনি হয়তো আমাদের ওয়েস্ট ইন্ডিজ সফরে দলের সঙ্গে যোগ দিতে পারবেন না।" ৬২ বছর বয়সী ফ্লেচারের অধীনেই ২০০৫ সালে অ্যাশেজ জেতে ইংল্যান্ড। ১৯৮৬-৮৭ সালের পর সেবারই প্রথম অ্যাশেজ শিরোপা ঘরে তুলেছিলো দলটি। ইংল্যান্ড দলের সঙ্গে আট বছর ছিলেন ফ্লেচার। তিনি ইংল্যান্ডের সাবেক অধিনায়ক নাসির হুসাইন ও মাইকেল ভনের সঙ্গে কাজ করেন। তার সময়ে ইংল্যান্ডের টেস্ট ইতিহাস অনেক উজ্জ্বল ছিলো। ফ্লেচারই ইংল্যান্ডের প্রথম বিদেশী কোচ ছিলেন। তার অধীনেই শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জেতে ইংল্যান্ড। ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথমবারের মত টেস্ট সিরিজ জেতে তার অধীনেই। ইংল্যান্ডের দায়িত্ব ছাড়ার পর সংক্ষিপ্ত সময়ের জন্য তিনি আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে কাজ করেন। ২০০৮ সালে তিনি দক্ষিণ আফ্রিকার ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেন। গতবছর নিউজিল্যান্ডে ভারত সফরের সময় তিনি নিউজিল্যান্ডের ব্যাটিং কোচ ছিলেন। ফ্লেচার যখন ইংল্যান্ডের দায়িত্ব নেন তখন টেস্ট ক্রিকেটে 'অফিশিয়ালি' ইংল্যান্ড সবচেয়ে খারাপ দল ছিলো। আর এখন তিনি বিশ্ব চ্যাম্পিয়ন ও টেস্ট ক্রিকেটের শীর্ষদল ভারতে দায়িত্ব নিচ্ছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১৩২৩ ঘ.