২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লড়াইয়ের জন্য প্রস্তুত অ্যান্ডারসন

বিশ্বকাপে ইংল্যান্ডের একাদশে জায়গা হারানো পেসার জেমস অ্যান্ডারসন ফিরে আসতে কঠোর পরিশ্রম শুরু করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2011, 04:06 PM

Updated : 24 Aug 2022, 02:57 PM

ঢাকা, এপ্রিল ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্বকাপে ইংল্যান্ডের একাদশে জায়গা হারানো পেসার জেমস অ্যান্ডারসন ফিরে আসতে কঠোর পরিশ্রম শুরু করেছেন। ইংল্যান্ডের একদিনের দলে ফিরতে কঠোর লড়াইয়ের প্রত্যায় ঝরে পড়েছে অ্যান্ডারসনের মুখে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জিততেই হবে এমন খেলায় ও শ্রীলঙ্কার বিপক্ষে কোয়ার্টার ফাইনালে জায়গা হয়নি তার। বিশ্বকাপে ওভার প্রতি ছয় রানের বেশি খরচ করা অ্যান্ডারসন ছিলেন নিজের ছায়া হয়ে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৬ রানে জেতা ম্যাচেই একমাত্র নিজের সেরাটা দিতে পেরেছেন অ্যান্ডারসন। তার প্রিয় অস্ত্র 'রিভার্স সুইং' একমাত্র সেদিনই ঠিকমতো ব্যবহার করতে পেরেছিলেন তিনি। এছাড়া অন্যদলগুলো তো বটেই আয়ারল্যান্ড, নেদারল্যান্ডসের ব্যাটসম্যানরাও তাকে খেলেছেন সাবলীলভাবে। অথচ এর আগে অ্যাশেজে অস্ট্রেলিয়া দেখেছে তার রুদ্রমূর্তি। ২৬.০৪ গড়ে নেন ২৪ উইকেট। ওই সাফল্যকে ছাড়িয়ে যায় তার বিশ্বকাপ ব্যর্থতা। ফলে বিশ্বকাপের শেষ দুই ম্যাচে ছিলেন দর্শক হয়ে। ম্যানচেস্টার ইভিনিং নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, বিশ্বকাপে বাজে খেলার খেসারত দিয়ে তাকে বাদ পড়তে হয়েছে। আমি আমার সেরাটা দিতে পারিনি, বিশ্বকাপের মতো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসরে ছন্দে না থাকলে পেরে উঠা কঠিন। আমিও সেটা করতে পারিনি। "আমার জায়গা হারানো নিয়ে কোনো দ্বিমত করিনি। জায়গা ধরে রাখার মতো কিছু আসলে করতে পারিনি। আমার শরীর সেভাবে সাড়া দিচ্ছিল না।" তবে এখন নিজেকে লড়াইয়ে ফেরার মতো প্রস্তুত মনে করছেন অ্যান্ডারসন। শারীরিক ও মানসিক দৃঢ়তাও ফিরে পেয়েছেন তিনি। "আমি এখন একদিনের দলে ফিরতে চাই। যতদিন সম্ভব ইংল্যান্ডের পক্ষে খেলতে চাই।" জুনে শ্রীলঙ্কার বিপক্ষে দেশের মাটিতেই ফিরতে পারেন অ্যান্ডারসন। তবে সে জন্য ক্রিস ওয়কস, ক্রিস ট্রেমলেট, জাডে ডেরনবাচ ও আজমল শেহজাদের সঙ্গে লড়াই করতে হবে তাকে। তবে এর আগে তিন ম্যাচের টেস্ট সিরিজের জন্য তাকে প্রস্তুতি নিতে হবে। কাউন্টি ক্রিকেটে ল্যাঙ্কাশায়ারের হয়ে ভালো খেলে দলে জায়গা ফিরে পেতে চান অ্যান্ডারসন। তবে ল্যাঙ্কাশায়ার দলে জায়গা হবে কি না সে নিয়েও সংশয়ে আছেন তিনি। "ল্যাঙ্কাশায়ারে ফিরে আসতে পেরে ভালো লাগছে। তবে দল যেভাবে শুরু করেছে তাতে জায়গা পাওয়া বেশ কঠিন হতে পারে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২২০৪ ঘ.