ঢাকা, এপ্রিল ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাকিস্তানের বিপক্ষে দলে সুযোগ না পাওয়ার আগ পর্যন্ত আইপিএল নয়, বরং জাতীয় দলের হয়ে খেলার জন্য নিজেকে তৈরি করছিলেন বলে জানিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যান ক্রিস গেইল।
ইএসপিএনক্রিকইনফোর সঙ্গে এক সাক্ষাৎকারে গেইল বলেন, "ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলার বিষয়টি আগেই মন থেকে বাতিল করে দিয়েছিলাম। বরং আমি খেলতে চেয়েছিলাম প্রতিযোগিতার পরের আসরে।"
"অথচ জাতীয় দলের হয়ে খেলার জন্য আমার এখন ওয়েস্ট ইন্ডিজে থাকার কথা। কিন্তু আমি এখন ভারতে। আর এটাই বাস্তবতা," বলেন তিনি।
আইপিএলে গেইলের শুরুটা ভালোই হয়েছে। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে প্রথমবারের মতো মাঠে নেমে সাবেক দল কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ৯ উইকেটের বড় জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। অপরাজিত ১০২ রান করেন ৫৫ বলে। সেই সঙ্গে টানা চার খেলায় হারার পর জয়ের মুখ দেখে ব্যাঙ্গালোর।
গেইল বলেন, "মাঠে নেমে কি করতে পারি তা দেখানোর জন্যই আমি এখন ভারতে। দলের খেলোয়াড়, মালিক ও ব্যবস্থাপক কমিটির সবাই আমাকে মন থেকেই টেনে নিয়েছেন।"
জানুয়ারিতে নিলামে গেইলের জন্য কোনো দল দর হাঁকায়নি।
এ ব্যাপারে গেইল বলেন, "সত্যি বলতে কি, তখন আমি খুবই অবাক হয়ে গিয়েছিলাম। পরে আমার মনে হয়েছে, আইপিএলের খেলা চলার সময় ওয়েস্ট ইন্ডিজকে আন্তর্জাতিক ম্যাচ খেলতে হবে, তাই কোনো দলই আমাকে দলে টানেনি।"
এর আগে যে তিন খেলোয়াড় ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের চুক্তিপত্রে সই করেননি তাদের মধ্যে গেইল একজন।
এ প্রসঙ্গে তিনি বলেন, "আমার মনে হয়েছে চুক্তিতে বাধ্যবাধকতা অনেক বেশি। বোর্ড ও জনগণকে আমি এর ব্যাখ্যাও দিয়েছি।"
বর্তমানে নিজের লক্ষ্যের কথা বলতে গিয়ে গেইল বলেন, "শিরোপা জয়ী দলের একজন হতে চাই।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/১৭১৮ ঘ.
bdnews24