ঢাকা, এপ্রিল ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - উইকেটরক্ষক হিসেবে যোগ্যতা প্রমাণ করতে না পারায় ওয়েস্ট ইন্ডিজ সফরে পাকিস্তান দলে জায়গা হয়নি কামরান আকমলের। তাই এখন তিনি বলছেন, শুধু ব্যাটসম্যান হিসেবেও খেলতে রাজি আছেন তিনি।
কামরান বলেন, "পাকিস্তান যদি আমার চেয়ে ভালো উইকেটরক্ষক পায়, তাহলে আমি চেষ্টা করবো একজন ব্যাটসম্যান হয়ে দলে ফিরতে। কারণ আমি ব্যাটিং উপভোগ করি। আর যে কোনো জায়গায় ব্যাট করার যোগ্যতা আমার আছে।"
২০১১ বিশ্বকাপে সবদিক দিয়েই ব্যর্থ ছিলেন এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান। ব্যাটতো কথা বলেইনি, উল্টো হাত থেকে ছুটেছে একের পর এক ক্যাচ। নিউজিল্যান্ডের বিপক্ষে গ্র"প পর্বের লড়াইয়ে এক রস টেইলরেরই তিনটি ক্যাচ ছাড়েন তিনি। গ্র"প পর্বে শ্রীলঙ্কা ও সেমিফাইনালে ভারতের বিপক্ষেও উইকেটরক্ষক হিসেবে তার ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। কোচ ওয়াকার ইউনুসতো ক্ষোভে বলেই ফেলেছিলেন, 'উইকেটরক্ষক পরিবর্তনের জন্য এটাই সঠিক সময়।'
তবে বিশ্বকাপে দলের সঙ্গে শেষ পর্যন্ত থাকলেও ওয়েস্ট ইন্ডিজ সফরে পাকিস্তান দল থেকে ঠিকই বাদ পড়লেন কামরান।
৫৩ টেস্টে ছয়টি ও ১৩৭ একদিনের ম্যাচে পাঁচটি শতক হাঁকানো কামরান জাতীয় দলে ফিরতে দৃঢ় প্রতিজ্ঞ। উইকেটরক্ষক ও ব্যাটসম্যান, দুই ভূমিকাতেই কঠোর অনুশীলন করছেন তিনি।
কামরান বলেন, "নির্বাচকরা আমাকে যেভাবে চাইবেন আমি সেই ভূমিকা পালন করতেই দৃঢ় প্রতিজ্ঞ।"
ওয়েস্ট ইন্ডিজ সফরে কামরান আকমলের পরিবর্তে মোহাম্মদ সালমান পাকিস্তান দলের উইকেটরক্ষকের দায়িত্ব পালন করছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এসএনএল/১৫২৯ ঘ.
bdnews24