ঢাকা, এপ্রিল ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়ে দিলেন শ্রীলঙ্কার ফাস্ট বোলার লাসিথ মালিঙ্গা।
এর আগে চোটের কারণে নিজেকে টেস্ট খেলার অনুপযুক্ত বলে মালিঙ্গা শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডকে চিঠি লেখেন। তবে বর্তমানে তিনি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলা ঠিকই চালিয়ে যাচ্ছেন। দেশটির ক্রিকেট বোর্ড তা ভালোভাবে নেয়নি। চোট কাঠিয়ে ওঠার জন্য বোর্ডের পক্ষ থেকে তাকে দেশে ফিরে প্রয়োজনীয় পুনর্বাসন ব্যবস্থা নিতে পরামর্শ দেয়া হয়।
সংবাদ সম্মেলনে এক বিবৃতিতে মালিঙ্গা বলেন, "এবছর জানুয়ারিতে আমি শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডকে একটি চিঠি লিখেছিলাম। একই সঙ্গে একটি বিবৃতিতে আমি মিডিয়াকেও বিষয়টি বলেছিলাম যে, বিশ্বকাপের পর আমি আমার টেস্ট ক্যারিয়ারের ভবিষ্যত নিয়ে একটি সিদ্ধান্ত নেব। বিশ্বকাপের পর আমি উপলব্ধি করতে পারি যে, শ্রীলঙ্কার জাতীয় দলের হয়ে ক্যারিয়ার লম্বা করা জন্য আমার টেস্ট ক্রিকেট ছেড়ে দেয়া প্রয়োজন।"
তিনি আরো বলেন, "আমি নিজেকে একদিনের ও টি-টোয়েন্টি ক্রিকেট খেলার উপযুক্ত মনে করি। কারণ ডান হাঁটুতে আমি বেশ সমস্যা বোধ করি যেটা আমাকে খুবই সাবধানে নিয়ন্ত্রণ করতে হয়। দলের কর্মকর্তাদের অনুরোধে আমি প্রায় তিন বছর পর টেস্ট ক্রিকেটে ফিরতে চেষ্টা করেছিলাম। কিন্তু এর ফলে হাঁটুতে ব্যাথা বেড়ে যাওয়ায় আমাকে দুমাস ভুগতে হয়েছে।"
"টেস্ট ক্রিকেটে প্রত্যেক খেলোয়াড়কে প্রচুর পরিশ্রম করতে হয়। বিশেষ করে পেসারদের। টেস্টে একজন বোলারকে প্রতিদিন কমপক্ষে ১৫ ওভার বল করতে হয়। এইসব কারণে অনেক সময় স্থায়ী চোটে পড়তে হয়।"
"আমি আমার টেস্ট ক্যারিয়ার ত্যাগ করেছি কারণ আমি ২০১২ সালের টি-টোয়েন্টি ক্রিকেট ও ২০১৫ সালের বিশ্বকাপ ক্রিকেটে শ্রীলঙ্কার হয়ে খেলতে চাই।"
"আমার কাছে শ্রীলঙ্কার হয়ে খেলাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। দেশের হয়ে একদিনের আন্তর্জাতিক ম্যাচ ও টোয়েন্টি-টোয়েন্টি ম্যাচে আমি খেলতে চাই। বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে ভবিষ্যত পরিকল্পনা নিয়ে আলোচনার জন্য আমি সংক্ষিপ্ত সফরে শ্রীলঙ্কা যাব।"
শ্রীলঙ্কার মে'তে ইংল্যান্ড সফরের জন্য ঘোষিত টেস্ট দলে মালিঙ্গাকে দল রাখা হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএনএম/২০১০ ঘ.
bdnews24