ঢাকা, এপ্রিল ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চতুর্থ আসরে খেলার জন্য শুক্রবার মুম্বাই ইন্ডিয়ান্সে যোগ দিয়েছেন জিম্বাবুয়ের স্পিনার রেমন্ড প্রাইস। চোটের কারণে আইপিএলের বাইরে চলে যাওয়া অস্ট্রেলিয়ার অলরাউন্ডার মইসেস হেনরিকসের স্থলাভিষিক্ত হলেন তিনি।
আইপিএলের চতুর্থ আসরের জন্য জানুয়ারিতে হওয়া নিলামে অবিক্রিত ছিলেন এই বাঁ-হাতি স্পিনার। তাই প্রাইসকে কিনতে তার নির্ধারিত মূল্য ৫০ হাজার ডলারের বেশি খরচ করতে হয়নি মুম্বাই ইন্ডিয়ান্সকে।
জিম্বাবুয়ের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে আইপিএলে প্রবেশ করলেন প্রাইস। এর আগে জিম্বাবুয়ের প্রথম ক্রিকেটার হিসেবে আইপিএল অভিষেক হয়েছিল উইকেটরক্ষক তাতেন্ডা তাইবুর। প্রথম আসরে কলকাতা নাইট রাইডার্সের হয়ে মাঠে নেমেছিলেন তিনি ।
জিম্বাবুয়ের হয়ে ২০১১ বিশ্বকাপে ১৮.৭৭ গড়ে সর্বোচ্চ নয়টি উইকেট সংগ্রহ করেন প্রাইস। তার ইকোনমি রেট চোখে পড়ার মতো, ৩.৪৪। বিশ্বকাপের মতো আসরে এতো মিতব্যয়ী বোলিংয়ের কারণেই হয়তো মুম্বাইয়ের দলটির চোখ পড়েছে তার ওপর।
ইন্টান্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) একদিনের ক্রিকেটের বোলিং র্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে আছেন প্রাইস।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এমআই/১৬৪৫ ঘ.
bdnews24