ঢাকা, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশ 'এ' দলকে ৫৬ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা 'এ'।
পার্লের বোল্যান্ড পার্কে বৃহস্পতিবার এই খেলায় জিতে পাঁচ ম্যাচের একদিনের সিরিজে সমতা ফেরালো স্বাগতিকরা। প্রথম খেলায় ৬ উইকেটে হারে দক্ষিণ আফ্রিকা 'এ'।
টস জিতে দক্ষিণ আফ্রিকা 'এ'কে ব্যাটিংয়ে পাঠান সফরকারী দলের অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। ব্যাট করতে নেমে অধিনায়ক জ্যাক রুডলফ ও ফারহান বেহারডিয়েনের অর্ধশতকের সুবাদে ৬ উইকেটে ২৮৫ রান তোলে দক্ষিণ আফ্রিকা। রান তাড়া করতে গিয়ে ৪৮ ওভারে গুটিয়ে যাওয়ার আগে বাংলাদেশ করে ২২৯ রান।
শুরুতেই উইকেট নিয়ে আশরাফুলের মুখে হাসি ফুটিয়ে তোলেন সফরকারী দলের বোলাররা। কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ওই হাসি মিলিয়ে যায়।
২১তম ওভারে ৮৮ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে স্বাগতিকরা। কিন্তু দলকে খেলায় ফেরান রুডলফ ও বেহারডিয়েন। ৪র্থ উইকেট জুটিতে দলের সঙ্গে তারা যোগ করেন ৯৩। ৪০তম ওভারের শেষ বলে দলীয় ১৮১ রানের মাথায় বিদায় নেয়ার আগে রুডলফ ৮৯ রানের একটি ঝলমলে ইনিংস খেলেন।
তিনি তার ১১৬ বলের ইনিংসটি সাজান ৬টি চার ও ১টি ছক্কা দিয়ে। রুডলফের বিদায়ের পর শেষ ১০ ওভারে রীতিমত ঝড় বয়ে যায় বাংলাদেশের বোলারদের উপর দিয়ে। এ সময় আরো ২ উইকেট হারালেও ১০৪ রান তুলে নেয় স্বাগতিকরা।
দলীয় ২১৭ রানের মাথায় বেহারডিয়েন ৬৬ রান করে বিদায় নিলেও হোঁচট খেতে হয়নি দক্ষিণ আফ্রিকাকে। বেহারডিয়েনের ৮০ বলের ইনিংসে ৩টি চার ও ১টি ছক্কা রয়েছে। বেশিক্ষণ ব্যাট করতে পারেননি ভ্যান জার্সভেল্ডও। তবে দলের জন্য কার্যকর একটা ইনিংস খেলে যান তিনি। ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে বিদায় নেয়ার আগে করেন ৩৭।
শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ভারনন ফিল্যান্ডার (২৩) ও হেইনু কুন (২৫)।
সফরকারী দলের পক্ষে ফরহাদ রেজা ২ উইকেট নেন ৫৭ রানে।
জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩৫তম ওভারে ১৫৪ রানে ৮ উইকেট হারালে বাংলাদেশের হার নিশ্চিত হয়ে যায়। নবম উইকেটে ফরহাদ রেজা (৩৭) ও নূর হোসেন দলের সঙ্গে ৫৯ রান যোগ করে কেবল হারের ব্যবধান কমান।
নূর শেষ পর্যন্ত ৩২ রানে অপরাজিত ছিলেন।
উপরের সারির ব্যাটসম্যানরা শুরু করেও নিজেদের ইনিংস বড় করতে পারেননি বলে বড় জুটিও গড়ে ওঠেনি। ফলে ইনিংসের প্রথমদিকেই ম্যাচ হাতছাড় হয়ে যায় সফরকারীদের। দলের পক্ষে সবচেয়ে বেশি ৩৯ রানের দু'টো ইনিংস খেলেন আশরাফুল ও জুনায়েদ সিদ্দিক।
স্বাগতিক দলের পক্ষে ফিল্যান্ডার ৪ উইকেট নেন ২৪ রানে।
তৃতীয় খেলা হবে রোববার কিম্বার্লিতে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/১৮২১ ঘ.
bdnews24