২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণ আফ্রিকা 'এ' দলের সহজ জয়

সিরিজের দ্বিতীয় একদিনের খেলায় বাংলাদেশ 'এ'কে ৫৬ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা 'এ'।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2011, 03:18 AM

Updated : 24 Aug 2022, 02:56 PM

ঢাকা, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরিজের দ্বিতীয় একদিনের খেলায় বাংলাদেশ 'এ'কে ৫৬ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা 'এ'। পার্লের বোল্যান্ড পার্কে বৃহস্পতিবার খেলা এই ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরালো স্বাগতিকরা। এর আগে প্রথম খেলায় ৬ উইকেটে হারে দক্ষিণ আফ্রিকা এ। টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন সফরকারী দলের অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। ব্যাট করতে নেমে অধিনায়ক জ্যাক রুডলফ ও ফারহান বেহারডিয়েনের অর্ধশতকের সুবাদে ৬ উইকেটে ২৮৫ রান তোলে দক্ষিণ আফ্রিকা এ। জবাবে ৪৮ ওভারে গুটিয়ে যাওয়ার আগে বাংলাদেশ এ করে ২২৯ রান। শুরুতেই উইকেট নিয়ে আশরাফুলের মুখে হাসি ফুটিয়ে তোলেন সফরকারী দলের বোলাররা। কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ওই হাসি মিলিয়ে যায়। ২১তম ওভারে ৮৮ রানে ৩ উইকেট হারিয়ে চাপে থাকা স্বাগতিকদের খেলায় ফেরান রুডলফ ও বেহারডিয়েন। এ দুজন ৪র্থ উইকেটে তোলেন ৯৩ রান। ৪০তম ওভারের শেষ বলে দলীয় ১৮১ রানে বিদায় নেয়ার আগে রুডলফ (৮৯) খেলেন ঝকঝকে এক ইনিংস। তিনি তার ১১৬ বলের ইনিংস সাজান ৬টি চার ও ১টি ছয় দিয়ে। রুডলফের বিদায়ের পর শেষ ১০ ওভারে রীতিমত ঝড় বয়ে যায় বাংলাদেশের বোলারদের উপর দিয়ে। এ সময় আরো ২ উইকেট হারালেও ১০৪ রান তোলে নেয় স্বাগতিকরা। দলীয় ২১৭ রানে বেহারডিয়েন (৬৬) বিদায় নিলেও তার প্রভাব পড়েনি স্বাগতিক দলের ইনিংসে। তার ৮০ বলের ইনিংসে ৩টি চার ও ১টি ছয় রয়েছে। বেশিক্ষণ টেকেন নি ভ্যান জার্সভেল্ডও। ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে বিদায় নেয়ার আগে করেন ৩৭ রান। শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ভারনন ফিল্যান্ডার ও হেইনু কুন। কুন ২৫ রানে। ফিল্যান্ডার ২৩ রানে। সফরকারী দলের পক্ষে ফরহাদ রেজা ২ উইকেট নেন ৫৭ রানে। লক্ষ্য তাড়া করতে নেমে ৩৫তম ওভারে ১৫৪ রানে ৮ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে বাংলাদেশ এ। নবম উইকেটে ফরহাদ রেজা (৩৭) ও নুর হোসেন ৫৯ রানের জুটি গড়ে পরাজয়ের ব্যবধান কমান। রেজা ফিরে গেলেও নুর শেষ পর্যন্ত ৩২ রানে অপরাজিত ছিলেন। উপরের সারির ব্যাটসম্যানরা শুরু করেও নিজেদের ইনিংস বড় করতে না পারা ও বড় জুটি গড়তে ব্যর্থ হওয়ায় অনেক আগেই ম্যাচ হাতছাড় হয়ে যায় সফরকারীদের। দলের পক্ষে সর্বোচ্চ ৩৯ রানের ইনিংস দুটি খেলেন আশরাফুল ও জুনায়েদ সিদ্দিক। স্বাগতিক দলের পক্ষে ফিল্যান্ডার ৪ উইকেট নেন ২৪ রানে। ৫ ম্যাচ সিরিজের তৃতীয়টিতে দুই দল রোববার কিম্বার্লিতে মাঠে নামবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/০৯১২ ঘ.