২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গেইলের অভিমান

ওয়েস্ট ইন্ডিজের পক্ষে নয়, বরং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়েই খেলার সিদ্ধান্ত নিয়েছেন ক্রিস গেইল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2011, 07:12 AM

Updated : 24 Aug 2022, 02:55 PM

ঢাকা, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ওয়েস্ট ইন্ডিজের পক্ষে নয়, বরং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়েই খেলার সিদ্ধান্ত নিয়েছেন ক্রিস গেইল। নিরুপায় হয়েই গেইল এই সিদ্ধান্ত নেন বলে জ্যামাইকার একটি বেতার কেন্দ্রকে বলেন। তারপরও বস্তুতপক্ষে তার গলায় ছিল অভিমানের সুর। গেইলের অভিযোগ, চোট কাটিয়ে খেলার মতো পুরো সুস্থ হয়ে ওঠার জন্য তাকে তার দেশের ক্রিকেট বোর্ড কোনো সুযোগই দেয়নি। উল্টো পাকিস্তানের বিপক্ষে একমাত্র টোয়েন্টি-টোয়েন্টি ও প্রথম দু'টো একদিনের খেলার জন্য দল থেকে তাকে বাদ দেয়া হয়। এই চোট পান গেইল বিশ্বকাপ ক্রিকেটের সময়। গেইল বলেন, "পত্রিকায় 'গেইল, (রামনরেশ) সারওয়ান ও (শিবনারায়ন) চন্দরপল বাদ'-এই শিরোনাম দেখে আমি অবাক হয়ে যাই। অথচ ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলার জন্য আমি অনুশীলন করে যাচ্ছিলাম। দল ঘোষণার আগে বোর্ড তার সঙ্গে কোনো যোগাযোগ করেনি বলে অভিযোগ করে গেইল বলেন, "আমি যত তাড়াতাড়ি সম্ভব ওয়েস্ট ইন্ডিজ দলে ফিরতে চেয়েছিলাম। অথচ দল ঘোষণার আগে আমার সঙ্গে কোনো যোগাযোগই করা হলো না। তাই আমি এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি।" "আমি অনেক বছর ধরে ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলছি। কিন্তু আমাকে অনেক অসম্মান করা হয়েছে। অনেক চাপের মধ্যে থেকে আমাকে খেলতে হয়েছে,"গেইলের গলায় অভিমান। এদিকে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড বলেছে, বিশ্বকাপের পর গেইল চিকিৎসার জন্য যান যুক্তরাজ্যে। আর সেখান থেকে তার চিকিৎসক জানান, গেইলের অনুশীলনে ফিরতে আরো দুই-তিন সপ্তাহ লেগে যাবে। এ কারণেই পাকিস্তানের বিপক্ষে একদিনের সিরিজের প্রথম দুই খেলায় তাকে দলে রাখা হয়নি। গেইল 'ফিটনেস' পরীক্ষায় পাশ করতে পারলে সিরিজের বাকি তিন খেলায় তাকে দলে নেয়ার কথা ভাবা হতে পারে বলে বোর্ড জানায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/১৯৫১ ঘ.