২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কলকাতাকে হারালো কোচি

কলকাতা নাইট রাইডার্সকে ৬ রানে হারিয়েছে কোচি টাস্কার্স কেরালা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2011, 02:54 PM

Updated : 24 Aug 2022, 02:55 PM

ঢাকা, এপ্রিল ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কলকাতা নাইট রাইডার্সকে ৬ রানে হারিয়েছে কোচি টাস্কার্স কেরালা। ৫ খেলায় এটি কোচির তৃতীয় জয়। অন্যদিকে সমান খেলায় এটি কলকতার দ্বিতীয় পরাজয়। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২২তম খেলায় বুধবার ইডেন গার্ডেনে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন কলকাতার অধিনায়ক গৌতম গম্ভির। শুরু করেও কোচির ব্যাটসম্যানরা নিজেদের ইনিংস বড় করতে না পারায় শেষ পর্যন্ত ৭ উইকেটে ১৩২ রানে থামে দলটির ইনিংস। জবাবে ৯ উইকেটে ১২৬ রানে থামে কলকাতার ইনিংস। লক্ষ্য তাড়া করতে নেমে ৬ ওভারে ৩৭ রানে ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে কলকাতা। এক প্রান্তে মনোজ তিওয়ারী অবিচল থাকলেও অন্যপ্রান্তে ব্যাটসম্যানদের আসা যাওয়ার পালা চলতে থাকায় শুরুর ধাক্কা আর সামাল দেয়া হয়ে উঠেনি কলকাতার। ১৭ ওভারে তিওয়ারী (৪৬) সপ্তম ব্যাটসম্যান হিসেবে বিদায় নিলে ম্যাচ থেকে পুরো ছিটকে পড়ে কলকাতা। তিওয়ারী তার ৫১ বলের ইনিংসটি সাজান ২টি চার ও ২টি ছয় দিয়ে। কোচির পক্ষে রুদ্র প্রতাপ সিং ও রবীন্দ্র জাদেজা ২টি করে উইকেট দেন। এ জন্য রুদ্র দেন ২৫ রান। সমান রান দেন জাদেজাও। এর আগে ব্যাট করতে নেমে ব্রেন্ডন ম্যাককালাম ও মাহেলা জয়াবর্ধনে ৪৯ রানের উদ্বোধনী জুটি গড়ে কোচিকে ভালো সূচনা এনে দেন। ৭ম ওভারের শেষ বলে কলকাতার সাবেক খেলোয়াড় ম্যাককালামকে (২৩) ফিরিয়ে দিয়ে কোচিকে প্রথম ধাক্কা দেন সাকিব আল হাসান। এরপর টানা তিন ওভারে ইউসুফ পাঠান কোচির তিন ব্যাটসম্যান জয়াবর্ধনে (২৫), পার্থিব প্যাটেল (৯) ও ব্র্যাড হজকে (২) সাজঘরে ফিরালে বেশ বিপদে পড়ে দলটি। ৬৫ রানে ৪ উইকেট হারানোর পর দলের হাল ধরেন রবীন্দ্র জাদেজা। খেলেন ২৯ রানের ঝড়ো এক ইনিংস। ১৮ বলে খেলা তার এ ইনিংসে ১টি চার ও ৩টি ছয় রয়েছে। পরের দিকের ব্যাটসম্যানরা শুরু করলেও নিজেদের ইনিংস তেমন বড় করতে পারেন নি। ইউসুফ পাঠান যেখানে শেষ করেছিলেন সেখান থেকে যেন আবার শুরু করেন সাকিব। দুবার ১ ওভারের স্পেলে ফিরে নেন ১টি করে উইকেট। প্রতিবার কোচির ব্যাটসম্যানরা আক্রমণে যাওয়ার মুহূর্তে সাকিব উইকেট তোলে নেয়ায় সেভাবে রানের গতি বাড়েনি। কলকাতার পক্ষে ৩টি করে উইকেট নেন ইউসুফ ও সাকিব। এর জন্য ইউসুফ দেন ২০ রান। সাকিব ২৮। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২৩৫৫ ঘ.