ঢাকা, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্বকাপ ক্রিকেটের ২০১৫ সালের আসরের ফরম্যাট নিয়ে আরেকবার ভাবার অনুরোধ করেছেন শারদ পাওয়ার।
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সভাপতি শারদ পাওয়ার জুনের শেষে হংকংয়ে অনুষ্ঠেয় আইসিসির বার্ষিক সভায় বিশ্বকাপ ক্রিকেটের ফরম্যাট নিয়ে বোর্ডকে আবার ভাবার অনুরোধ জানিয়েছেন।
"এটি খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। তাই আমি বোর্ড সদস্যদের এই ব্যাপারটি নিয়ে অরো একবার ভাবার অনুরোধ করছি।"
বিশ্বকাপের ২০১৫ সালের আসরে টেস্ট খেলুড়ে ১০ দল খেলানো, কোনো বাছাই পর্ব না রাখায় সহযোগী দেশগুলো আইসিসির তীব্র সমালোচনা করে।
পাওয়ার আশা করছেন আইসিসির সহযোগী দেশগুলোর সঙ্গে আলোচনার জন্য সবচেয়ে ভালো উপায় খুঁজে বের করবে।
"আমি সহযোগী দেশগুলোর দৃষ্টিভঙ্গি বুঝতে পেরেছি। আশা করছি আইসিসি এই ইস্যুতে তাদের সঙ্গে আলোচনা করার সবচেয়ে ভালো পথটি খুঁজে বের করবে।"
বিশ্বকাপ ফাইনালের পরপরই ৪ এপ্রিল মুম্বাইয়ে আইসিসি বোর্ড বিশ্বকাপের পরবর্তী আসরে শুধু টেস্ট খেলুড়ে দশটি দলকে খেলানোর সিদ্ধান্ত নেয়। এতে ২০১৯ সালের আসরেও ১০ দল খেলানোর সিদ্ধান্ত নেয়া হয়। তবে ওই আসরে সহযোগী দেশগুলোকে সুযোগ দিতে একটি বাছাই পর্ব রাখা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১৮৩০ ঘ.
bdnews24