ঢাকা, এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিভাগের বিপক্ষে জাতীয় লিগের খেলায় তৃতীয় দিনে বড় লিড পেয়েছে বরিশাল বিভাগ।
নিজেদের প্রথম ইনিংসে বরিশাল করে ৪৩৮ রান। তৃতীয় দিনে ঢাকা নিজেদের প্রথম ইনিংসে ২২৩ রানে গুটিয়ে যায়। জবাবে নিজেদের দ্বিতীয় ইনিংসে বরিশাল ২ উইকেটে ১১৫ রান নিয়ে দিন শেষ করায় সব মিলিয়ে ৩৩০ রানে এগিয়ে আছে বরিশাল।
প্রথম আর শেষ ব্যাটসম্যান ছাড়া ঢাকা বাকি ৯ জনই পৌঁছান দুই অঙ্কে। তবে কেউই নিজেদের ইনিংসকে তেমন বড় করতে পারেননি।
সর্বোচ্চ ৬৮ রানের ইনিংস আসে ৯ নম্বর ব্যাটসম্যান মোশারফ হোসেনের ব্যাট থেকে। তার ১৩৪ বলের হার না মানা ইনিংসে ৮টি চার ও ২টি ছয় রয়েছে।
এছাড়া মাহবুবুল আলম ২৭ ও অধিনায়ক মোহাম্মদ শরীফ ২৬ রান করেন। আগের দিন ৩ উইকেটে ৫০ রান নিয়ে তৃতীয় দিন শুরু করা ঢাকা আরো ৯১ রান তোলতেই হারায় ৭ উইকেট। সেখান থেকে দলকে ২২৩ রান পর্যন্ত নিয়ে যান মোশারফ, শরীফ ও মাহবুবুল।
বরিশালের পক্ষে সোহাগ গাজী ৪ উইকেট নেন ৭০ রান দিয়ে। তৌহিদুল ইসলাম ৩ উইকেট নেন ৩৮ রানে।
১১৫ রানে এগিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংস শুরু করে নাসিরুদ্দিন ফারুকের হার না মানা ৮০ রানের সুবাদে ৩৪ ওভারে ২ উইকেটে ১১৫ রান তোলে বরিশাল। অন্যপ্রান্তে ২১ রানে ব্যাট করছেন অধিনায়ক শাহীন হোসেন।
বিকাশ শর্মা ১০ ও ইফতেখার নাঈম ১ রান করে সাজঘরে ফিরে যান। দুজনকেই ফেরান মাহবুবুল। তিনি ২ উইকেট নেন ৩৬ রান দিয়ে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২১৩৭ ঘ.
bdnews24