ঢাকা, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্যক্তিগত কারণ দেখিয়ে পাকিস্তানের ব্যাটিং কোচ হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন দেশটির সাবেক ব্যাটসম্যান জাভেদ মিয়াঁদাদ।
পাকিস্তানের ম্যানেজার ইন্তেখাব আলম জানান, এপ্রিলের প্রথমে মিয়াঁদাদ জানিয়েছিলেন পাকিস্তানের সঙ্গে তিনি ওয়েস্ট ইন্ডিজ সফরে জাবেননা। তবে সফরের রওয়ানা হওয়ার আগ পর্যন্ত তিনি দলের সঙ্গে কাজ করবেন।
পাকিস্তানের ওয়েস্ট ইন্ডিজ সফর শুরু হবে ১৮ এপ্রিল।
গতবছর নিউজিল্যান্ড সফরের আগেও একইভাবে দলের দায়িত্ব নিয়েছিলেন মিয়াঁদাদ।
আলম বলেন, "পাকিস্তান দলে একজন ব্যাটিং কোচ খুবই প্রয়োজন। তাই বোর্ড মিয়াঁদাদকে প্রস্তাব দিয়েছিলো। কিন্তু দূর্ভাগ্যজনকভাবে ব্যাক্তিগত কারণ দেখিয়ে তিনি সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। তবে আমার বিশ্বাস ভবিষ্যতে তিনি খেলোয়াড়দের সাহায্য করতে পারবেন।"
বিশ্বকাপে শীর্ষ ২০ জন রান সংগ্রাহকের মধ্যে পাকিস্তানের কোনো ব্যাটসম্যান নেই।
শহিদ আফ্রিদি ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান ইজাজ বাট মিয়াঁদাদকে এই প্রস্তাব দিয়েছিলেন।
মিয়াঁদাদ প্রস্তাব ফিরিয়ে দেয়ায় পাকিস্তানের সাবেক অন্য কোনো ব্যাটসম্যানকে নিয়োগ দেয়ার জন্য বোর্ডকে অনুরোধ করেছেন আফ্রিদি। তিনি বলেন, যদি তিনি (মিয়াঁদাদ) না পারেন তবে দেশের অন্য কোনো 'গ্রেট' ব্যাটসম্যানকে বোর্ডের নিয়োগ দেয়া উচিত। অথবা কোনো বিদেশীকেও নিয়োগ দেয়া যেতে পারে। পাকিস্তানের ক্রিকেট এগিয়ে যাচ্ছে। আর এটা নয় যে অতীতে আমাদের শুধু একজনই 'গ্রেট' ব্যাটসম্যান ছিলেন।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১৯৪৭ ঘ.
bdnews24