২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কলকাতার কাছে ডেকানের হার

কলকাতা নাইটরাইডার্সের কাছে ৯ রানে হেরেছে ডেকান চার্জার্স। কলকাতার ইডেন গার্ডেনে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ষষ্ঠ খেলায় জয়ের লক্ষ্য ১৬৪ রান তাড়া করতে গিয়ে ৮ উইকেটে ১৫৪ রানে থেমে যায় ডেকানের পালা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2011, 02:11 PM

Updated : 24 Aug 2022, 02:52 PM

ঢাকা, এপ্রিল ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কলকাতা নাইটরাইডার্সের কাছে ৯ রানে হেরেছে ডেকান চার্জার্স। কলকাতার ইডেন গার্ডেনে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ষষ্ঠ খেলায় জয়ের লক্ষ্য ১৬৪ রান তাড়া করতে গিয়ে ৮ উইকেটে ১৫৪ রানে থেমে যায় ডেকানের পালা। এর আগে টস জিতে ব্যটিংয়ে নেমে জ্যাক ক্যালিসের অর্ধশতকের সুবাদে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৬৩ রান করে কলকাতা। এবারের প্রতিযোগিতায় এ পর্যন্ত এটিই সর্বোচ্চ দলীয় স্কোর। জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে কখনোই পাল্লা দিয়ে রান তাড়া করতে পারেননি ডেকানের ব্যাটসম্যানরা। দলের পক্ষে সবচেয়ে বেশি ৪৮ রান করেন ভারত চিপলি। এছাড়া ড্যানিয়েল ক্রিশ্চিয়ান ২৫ ও অধিনায়ক কুমার সাঙ্গাকারা ১৬ রান করেন। অন্য ব্যাটসম্যানরা খুব একটা সুবিধা করতে পারেননি। কলকাতার বোলারদের মধ্যে ইকবাল আব্দুল্লাহ ৩ উইকেট নেন ২৪ রানে। প্রথমে ব্যাটিংয়ে নেমে কলকাতার ব্যাটসম্যানরা শুরুতেই চড়াও হন ডেকানের বোলারদের ওপর। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে রানের বন্যা বইয়ে দিতে থাকেন তারা। দলের পক্ষে জ্যাক ক্যালিস ৫৩, মনোজ তিওয়ারি অপরাজিত ৩০ ও অধিনায়ক গৌতম গম্ভির ২৯ রান করেন। ডেকানের বোলারদের মধ্যে অমিত মিশ্র ২ উইকেট নেন ১৯ রানে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/২৩০১ ঘ.