ঢাকা, এপ্রিল ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শ্রীলঙ্কার অর্ন্তবর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব নিতে স্টুয়ার্ট ল'কে অনুরোধ জানিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। তিনি এর আগে দেশটিতে সহকারী কোচ হিসেবে কাজ করছিলেন।
বিশ্বকাপ রানার্স-আপ শ্রীলঙ্কা আগামী মাসে ইংল্যান্ড সফরে যাচ্ছে। ওই সফরে ল'কেই কোচ হিসেবে চায় দেশটি। বিশ্বকাপ শেষে শ্রীলঙ্কার কোচের দায়িত্ব ছেড়েছেন ট্রেভর বেলিস। ২০০৯ সালের নভেম্বর থেকে তিনি দেশটির প্রধান কোচ ছিলেন।
এসএলসি'র সম্পাদক নিশান্থা রানাতুঙ্গা বলেছেন, "আমরা ইংল্যান্ড সফরে ল'কে কোচ হিসেবে দলের দায়িত্ব নেয়ার জন্য অনুরোধ জানিয়েছি।"
এসএলসি চায় কোচের বিষয়টি চূড়ান্ত করার আগ পর্যন্ত ল'ই দায়িত্বে থাকুন।
বিশ্বকাপ ফাইনালে হারের পর এরই মাঝে নেতৃত্ব থেকে সরে দাঁড়িয়েছেন শ্রীলঙ্কার অধিনায়ক কুমার সাঙ্গাকারা, সহ-অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে। পদ থেকে ইস্তফা দিয়েছেন নির্বাচক কমিটির সদস্যরা।
মে'র দ্বিতীয় সপ্তাহে ইংল্যান্ড সফরে যাচ্ছে শ্রীলঙ্কা। সফরে তিনটি টেস্ট ও পাঁচটি একদিনের ম্যাচ খেলকে তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২২০৩ ঘ.
bdnews24