ঢাকা, এপ্রিল ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অস্ট্রেলিয়ার ক্রিকেট একটি পরিবর্তনের সময় অতিক্রম করছে বলে মনে করছেন শেন ওয়াটসন।
বিশ্বকাপের পর অস্ট্রেলিয়ার অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ান অস্ট্রেলিয়ার অধিনায়ক রিকি পন্টিং। নতুন অধিনায়ক মাইকেল ক্লার্ক ও সহ-অধিনায়ক শেন ওয়াটসনের নেতৃত্বে বাংলাদেশে তিন ম্যাচের একদিনের সিরিজ খেলতে এসেছে অস্ট্রেলিয়া।
বিশ্বকাপ ক্রিকেটের কোয়ার্টার ফাইনালে ভারতের কাছে হেরে বিদায় নেয়ার পর নিজেদের প্রথম সিরিজে অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ বাংলাদেশ। সোমবার রাতে ঢাকায় আসে দলটি। মঙ্গলবার বিশ্রামের পর বুধবার দুপুরে মিরপুরে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ও একাডেমী মাঠে অনুশীলন করে তারা।
অনুশীলন শুরুর আগে বেলা ২টায় ঢাকায় প্রথম সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়ার কোচ টিম নিয়েলসেন ও দলের সহ-অধিনায়ক শেন ওয়াটসন।
বিশ্বকাপের পর নতুন নেতৃত্বে অধীনে প্রথম সিরিজ, জয়ের জন্য ক্ষুধার্থ কি না সে প্রশ্নের জবাবে ওয়াটসন বলেন, "আমরা এখানে জিততে এসেছি। প্রত্যেক সিরিজে অস্ট্রেলিয়া জেতার জন্য খেলে।"
সিরিজের চেয়ে ওয়াটসন বেশি বললেন নতুন নেতৃত্বের কথা। বাংলাদেশের বিপক্ষে তাদের বেশ ভালো একটা পরীক্ষা হবে বলে মনে করছেন তিনি।
দায়িত্ব থেকে সরে দাঁড়ালেও দলে ব্যাটসম্যান হিসেবে থাকছেন রিকি পন্টিং। তার উপস্থিতি অস্ট্রেলিয়ার নতুন নেতৃত্বে জন্য সহায়ক বলে মনে করেন নিয়েলসন। এই সফরে পন্টিংয়ের ক্রিকেট জ্ঞান দলের জন্য খুব কাজে আসবে বলে তিনি মনে করেন।
টানা ১২ বছর ধরে বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয়ায় এবার প্রতিক্রিয়া ছিলো সম্পূর্ণ ভিন্ন। তবে ওয়াটসন মনে করেন, "আগেভাগে বিদায় নিলেও অস্ট্রেলিয়া সর্বোচ্চ মানের ক্রিকেট খেলেছে।"
প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশের বেশ প্রশংসাই করেছেন ওয়াটসন। বলেছেন, "নিজেদের কন্ডিশনে বাংলাদেশ খুবই ভালো একটি দল। যদিও সব সময় ধারাবাহিক নয়। তবে নিজেদের দিনে তারা আবিশ্বাস্য ক্রিকেট খেলতে পারে।"
তিন ম্যাচের সিরিজে বাংলাদেশ বেশ শক্ত প্রতিপক্ষ হিসেবে দেখা দেবে বলে তিনি মনে করছেন। বাংলাদেশের স্পিনারদের ব্যাপারে বেশ প্রশংসা ঝরেছে তার মুখ থেকে।
"বাংলাদেশের বাঁহাতি স্পিনাররা বিশ্বমানের। সিরিজে ভালো করতে হলে তাদের ভালোভাবে সামলাতে হবে। পাশাপাশি আমাদেরকেও ভালো বল করতে হবে।"
বিশ্বকাপে উপমহাদেশে খেলে যাওয়ায় সেই অভিজ্ঞতা এবার খুব কাজে আসবে বলে মনে করছেন তিনি।
"বিশ্বকাপে আমরা ভারত ও শ্রীলঙ্কায় খেলেছি। সে কারণে এই কন্ডিশনের সঙ্গে এখন আমরা অনেকটাই পরিচিত। বাংলাদেশের কন্ডিশনের সঙ্গে খাপ খাইয়ে নিতে আমাদের অনেক সহজ হবে।"
তিন ম্যাচের সিরিজে ব্রেট লি, মিচেল জনসন, জন হেস্টিংসের কাঁধে থাকছে অস্ট্রেলিয়ার বোলিং আক্রমণ। এ ছাড়া দলে থাকা নতুনদেরও একটা ভালো অভিজ্ঞতা হবে বলে তিনি মনে করছেন।
বিশ্বকাপে ১০ দলের খেলা নিয়ে সিডনিতে অস্ট্রেলিয়ার অধিনায়ক মাইকেল ক্লার্ক কথা বলেছিলেন। এবার ঢাকায় কথা বললেন ওয়াটসন। তিনিও বলেছেন এ সিদ্ধান্তটি ঠিক হয়নি। বিশ্বকাপে দল কমানো নিয়ে তার দ্বিমত নেই। দ্বিমত বাছাই পর্ব না থাকা নিয়ে। বাছাই পর্ব না থাকায় তিনি এ সিদ্ধান্তকে ঠিক নয় বলে মন্তব্য করেছেন।
ছোট দলগুলো জন্য দরজা খুলে দিতে চ্যাম্পিয়ন্স ট্রফির মতো কিছু একটা আয়োজন করা যেতে পারে তিনি মনে করেন।
বিশ্বকাপে বাংলাদেশের দর্শকরা মন কেড়েছে ওয়াটসনের। বলেছেন, "আমি তাদের দিকে তাকিয়ে আছি। বিশ্বকাপে টেলিভিশনে তাদের দেখেছি। এক কথায় অসাধারণ।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১৯৫৬ ঘ.
bdnews24