২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দ. আফ্রিকা গেলো বাংলাদেশ 'এ' দল

দুটি চার দিনের ও পাঁচটি একদিনের ম্যাচ খেলতে মোহাম্মদ আশরাফুলের নেতৃত্বে রোববার দক্ষিণ অফ্রিকা সফরে গেল বাংলাদেশ 'এ' দল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2011, 02:08 PM

Updated : 24 Aug 2022, 02:48 PM

ঢাকা, এপ্রিল ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুটি চার দিনের ও পাঁচটি একদিনের ম্যাচ খেলতে মোহাম্মদ আশরাফুলের নেতৃত্বে রোববার দক্ষিণ অফ্রিকা সফরে গেল বাংলাদেশ 'এ' দল। সন্ধ্যা ৭টা ১০ মিনিটে এমিরেটস এয়ারওয়েজের ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুবাই হয়ে জোহানেসবার্গের উদ্দেশে যাত্রা করে। দক্ষিণ আফ্রিকা 'এ' দলের বিপক্ষে কঠিন লড়াই শুরুর আগে বাংলাদেশ 'এ' দল জাতীয় দলের সঙ্গে দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছে। প্রথমটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হলেও পরেরটিতে হেরেছে আশরাফুলের দল। জাতীয় দলের সাবেক অধিনায়ক আশরাফুল 'এ' দলকে বেশ শক্তিশালী মানছেন। দলে জাতীয় দলে খেলছেন, খেলেছেন এমন বেশ ক'জন অভিজ্ঞ ক্রিকেটারের উপস্থিতি তাকে নির্ভরতা জোগাচ্ছে। সফর কঠিন হবে মানলেও ভালো করার ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী আশরাফুল। দলকে নেতৃত্ব দিতে চান সামনে থেকেই। সফরে ভালো করে জাতীয় দলে ফেরার ব্যাপারেও বেশ আত্মবিশ্বাসী তিনি। "জাতীয় দলে ফেরাটা কঠিন। কিন্তু দক্ষিণ আফ্রিকায় ভালো করতে পারলে জাতীয় দলে ফেরা যাবে। আমি আত্মবিশ্বাসী" আশরাফুলের আত্মবিশ্বাসের স্ফুরণ দেখা গেছে 'এ' দলের অন্য ক্রিকেটারদের মধ্যেও। ভালো করার ক্ষুধাটা সবারই আছে। অনেকেই কড়া নাড়ছেন জাতীয় দলের দরজায়। সফরটাকে একটা ভালো সুযোগ হিসেবে দেখছেন তারা। দলীয় লক্ষ্যের বাইরে প্রত্যেকেই ব্যাক্তিগতভাবে ভালো করতে চান। সেটাকে এক সূতোয় গেঁথে ভালো ফলাফল আশা করছেন আশরাফুল। 'এ' দল ৭ এপ্রিল প্রথম চারদিনের ও ১৩ এপ্রিল দ্বিতীয় চারদিনের ম্যাচ খেলবে। চার দিনের ম্যাচ শেষে কয়েকজন ক্রিকেটার দেশে ফিরে আসতে পারেন। তাদের বিকল্প হিসেবে প্রস্তুত রাখা হয়েছে ছয় জনকে। ১৯ এপ্রিল খেলবে প্রথম একদিনের ম্যাচ। ২১ এপ্রিল দ্বিতীয়, ২৩ এপ্রিল তৃতীয়, ২৭ এপ্রিল চতুর্থ ও ২৯ এপ্রিল পঞ্চম একদিনের ম্যাচ খেলবে। ৩০ এপ্রিল আশরাফুল বাহিনীর দেশে ফেরার কথা রয়েছে। দল: মোহাম্মদ আশরাফুল (অধিনায়ক), জুনায়েদ সিদ্দিক (সহ-অধিনায়ক), শামসুর রহমান, নাজিম উদ্দিন, মেহরাব হোসেন (ছোট), নাসির হোসেন, নাঈম ইসলাম, সগির হোসেন (উইকেটরক্ষক), শাহাদাৎ হোসেন, রবিউল ইসলাম, সৈয়দ রাসেল, কামরুল ইসলাম রাব্বি, নুর হোসেন ও সাকলায়েন সজীব। একদিনের ম্যাচের স্ট্যান্ডবাই: শাহরিয়ার নাফীস, জহুরুল ইসলাম, ডলার মাহমুদ, মোহাম্মদ ইলিযাস, ফরহাদ রেজা ও নাদিফ চৌধুরী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২০০১ ঘ.