২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পূজা-প্রার্থনায় তারকা, রাজনীতিবিদ, ক্রিকেটাররা

ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল খেলার আগের মুহূর্তগুলোর উত্তেজনা ছড়িয়ে পড়েছে প্রতিদ্বন্দ্বী দুই দেশের ক্রিকেটার, রাজনীতিবিদ, তারকাদের মধ্যেও। সঙ্গে চলছে নিজ দেশের খেলোয়ারদের জন্য প্রার্থনাও।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2011, 08:23 AM

Updated : 24 Aug 2022, 02:48 PM

ঢাকা, এপ্রিল ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল খেলার আগের মুহূর্তগুলোর উত্তেজনা ছড়িয়ে পড়েছে প্রতিদ্বন্দ্বী দুই দেশের ক্রিকেটার, রাজনীতিবিদ, তারকাদের মধ্যেও। সঙ্গে চলছে নিজ দেশের খেলোয়ারদের জন্য প্রার্থনাও। ভারতের সংবাদ মাধ্যম জি নিউজ তাদের অনলাইন সংস্করণে জানায়, শুক্রবার শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসে অন্ধ্র প্রদেশের বিখ্যাত তিরুপাতি মন্দিরে তার দেশের খেলোয়ারদের সফলতা কামনা করে প্রার্থনা করেন। এ মন্দিরে রাজাপাকসে বিশেষ পুজা দেন বলে জানান তিরুমালা তিরুপাতি দেভাস্থানামের (টিটিডি) এক কর্মকর্তা। এদিকে ভারতে 'দেবতা'র আসনে স্থান পাওয়া ক্রিকেটার শচীন টেন্ডুলকার নিজেই দেবতার আশীর্বাদ নিতে বৃহস্পতিবার সন্ধ্যায় মুম্বাইয়ের উদ্যান গণপতি মন্দিরে সস্ত্রীক হাজির হন। শুধু প্রার্থনা নয়, শনিবার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে খেলা দেখতেও যাচ্ছেন রাজাপাকসে। তার সঙ্গে থাকবেন শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী মাহিন্দানান্দা আলুথগামাগে। ভারতের রাষ্ট্রপতি প্রতিভা পাতিলও রয়েছেন এ তালিকায়। যেতে পারেন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধীও। তার ছেলে ও ভারতের পার্লামেন্টের সদস্য রাহুল গান্ধীও মাঠে বসে খেলা দেখবেন বলে আশা করা হচ্ছে। এদিকে মাঠে গিয়ে খেলা দেখার ধুম পড়েছে বলিউড তারকাদের মধ্যেও। শাহরুখ খান, আমির খান সপরিবারে মাঠে গিয়ে খেলা দেখবেন বলে জানিয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যম। সালমান খানও মাঠে উপস্থিত থেকে উৎসাহ জোগাবেন দেশের খেলোয়াড়দের। মাঠে থাকবেন বলিউডসহ ভারতের অন্যান্য ক্ষেত্রের অনেক তারকারাও। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এমআই/১৪১৪ ঘ.