ঢাকা, মার্চ ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শতভাগ সুস্থ না হলেও ভারতের বিপক্ষে ফাইনালে মুত্তিয়া মুরালিধরনের মাঠে নামার সম্ভাবনা বেশি বলে জানিয়েছেন শ্রীলঙ্কার কোচ ট্রেভোর বেলিস।
আগামী মাসে ৩৯ এর পা দিতে যাওয়া মুরালি বৃহস্পতিবার মুম্বাইয়ের ওয়েংখেড়ে স্টেডিয়ামে দলের সঙ্গে অনুশীলনে যোগ দিয়েছেন। যদিও বিশ্বকাপের পুরোটা সময়েই চোটের সঙ্গে লড়াই করে খেলতে হয়েছে এই স্পিন জাদুকরকে।
ধারণা করা হয়েছিলো নিউজিল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে হয়তো মুরালি খেলবেন না। তবে তিনি ওই ম্যাচে মাঠে নামেন ও পুরো দশ ওভারই বল করেন। তুলে নেন দুটি গুরুত্বপূর্ণ উইকেট।
বিশ্বকাপের ফাইনালে মাঠে নামলে ওই ম্যাচটিই হতে যাচ্ছে মুরালির শেষ একদিনের আন্তর্জাতিক ম্যাচ। বেলিস বলেন, "ফাইনালে মুরালির খেলার সম্ভাবনা অনেক বেশি। সেমিতে তিনি পুরো দশ ওভার বল করেছেন। তিনি এমন একজন মানুষ যিনি শতভাগ সুস্থ না হয়েও ভালো খেলতে পারেন।"
শ্রীলঙ্কার অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউসের ফাইনাল খেলা নিয়েও শঙ্কা রয়েছে। এজন্য পেসার চামিন্দা ভাস ও স্পিনার সুরজ রনদ্বিপকে ডেকে পাঠিয়েছে তারা। তবে বেলিস নিশ্চিত করেছেন তাদের দলে নেয়ার জন্য আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে এখনো কোনো আবেদন পাঠায়নি শ্রীলঙ্কা।
তিনি আরো জনান, দলের নিরাপত্তার জন্য ভাস ও রনদ্বিপকে ডেকে পাঠানো হয়েছে। তবে মুরালিধরন ও ম্যাথিউসকে 'ফিটনেস' প্রমাণের জন্য সর্বোচ্চ সুযোগ দেয়া হবে।
মুম্বাইয়ের ওয়েংখেড়ে স্টেডিয়ামে ২ এপ্রিল ফাইনালে ভারতের মুখোমুখি হবে শ্রীলঙ্কা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/২০২৭ ঘ.
bdnews24