ঢাকা, মার্চ ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কোনো প্রশংসাই 'মাস্টার ব্যাটসম্যান' শচীন টেন্ডুলকারের জন্য যথেষ্ট নয় বলে মনে করেন পাকিস্তানের উদ্বোধনী ব্যাটসম্যান মোহাম্মদ হাফিজ।
মোহালিতে বুধবার বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে খেলবে এশিয়ার দুই পরাশক্তি ভারত ও পাকিস্তান।
মাঠের বাইরে কথার লড়াইয়ে একে অপরকে ঘায়েল করাই যেখানে ক্রিকেট কৌশলের একটি অংশ, সেখানে প্রতিপক্ষের সেরা ব্যাটসম্যানের প্রশংসা করে সত্যিকারের ক্রিকেট মানসিকতারই পরিচয় দিয়েছেন হাফিজ।
হাফিজ বলেন, "আপনি শচীনকে নিয়ে যা ইচ্ছে তাই বলতে পারেন। কিন্তু যখনই প্রশংসা করবেন, তখন নিশ্চিতভাবে শব্দ কম পড়বে। তিনি একজন অসাধারণ খেলোয়াড়।"
শচীন বন্দনায় মাতোয়ারা হাফিজ আরও জানিয়েছেন শচীনকে আটকাতে কৌশল নেয়া ছাড়া অন্য পথ নেই, "শচীনের বিপক্ষ দলে থাকলে তাকে আটকাতে আপনাকে কৌশলের আশ্রয় নিতেই হবে।"
কৌশলটা কেমন হতে পারে, সেই প্রশ্নে এসে অফ-স্পিনার হাফিজ আবার কূটনৈতিক, "অধিনায়ক যেভাবে চাইবেন, কৌশলটা সেভাবেই বাস্তবায়নের চেষ্টা করবো।"
শচীনের বিপক্ষে তার হাতে নতুন বল হাতে তুলে দিতে পারেন শহিদ আফ্রিদি।
শচীনের দীর্ঘ ক্রিকেট জীবনও উঠে এসেছে হাফিজের কন্ঠে, "তিনি যেভাবে দীর্ঘ ক্রিকেট জীবনে ব্যাটিংয়ের মান বজায় রেখেছেন, তা থেকে অনেক কিছূ শেখার আছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এএনএম/১৭১০ ঘ.
bdnews24