২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারত-শ্রীলঙ্কা ফাইনালের প্রত্যাশা পন্টিংয়ের

আর মাত্র তিন ম্যাচ পরই ক্রিকেট বিশ্ব পেয়ে যাবে তাদের চ্যাম্পিয়নকে। সেমিফাইনালে উঠা চার দলের প্রত্যেকেরই শিরোপা জেতার সামর্থ্য রয়েছে। তবে অস্ট্রেলিয়ার অধিনায়ক রিকি পন্টিং মনে করেন ফাইনালে খেলবে ভারত ও শ্রীলঙ্কা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2011, 01:03 PM

Updated : 24 Aug 2022, 02:46 PM

ঢাকা, মার্চ ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আর মাত্র তিন ম্যাচ পরই ক্রিকেট বিশ্ব পেয়ে যাবে তাদের চ্যাম্পিয়নকে। সেমিফাইনালে উঠা চার দলের প্রত্যেকেরই শিরোপা জেতার সামর্থ্য রয়েছে। তবে অস্ট্রেলিয়ার অধিনায়ক রিকি পন্টিং মনে করেন ফাইনালে খেলবে ভারত ও শ্রীলঙ্কা। সেমিফাইনালের দল চারটি হচ্ছে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ড। দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে ভারতের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। নিজের খেলোয়াড়ী জীবনে বিশ্বকাপে এবারই সবচেয়ে খারাপ সময় দেখা পন্টিং এরই মধ্যে দলের সঙ্গে দেশে ফিরে গেছেন। সিডনিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ভারতের প্রশংসায় পঞ্চমুখ পন্টিং বলেন, "ভারতের ব্যাটিং লাইন-আপ খুবই শক্তিশালী। তারা যে কোনো লক্ষ্য তাড়া করার ক্ষমতা রাখে।" অন্য দলগুলোকে সতর্ক করে দিয়ে তিনি বলেন, "ভারতকে হারানো বেশ কঠিন হবে। এই দলটি যে খুব ভালো তাতে কোনো সন্দেহ নেই। যদিও তাদের বোলিং এখনো তাদের মনের মত নয়, তবে তাদের ব্যাটিং অতুলনীয়।" পন্টিংয়ের মতে ইংল্যান্ডের বিপক্ষে শ্রীলঙ্কার জয় প্রত্যাশিতই ছিলো। সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষেও শ্রীলঙ্কাকেই এগিয়ে রাখছেন তিনি। বলেন, "সেমিতে নিউজিল্যান্ডকে হারাবে শ্রীলঙ্কা। আর আমার মনে হয় পাকিস্তানের বিপক্ষে জিতবে ভারত। যদি এটা সত্যিই ঘটে তবে ফাইনালে দারুণ এক ম্যাচ দেখতে যাচ্ছে ক্রিকেট বিশ্ব।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১৮৪৫ ঘ.