ঢাকা, মার্চ ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইংল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে মুত্তিয়া মুরালিধরনকে নিয়ে আশার ঘর বাঁধছেন শ্রীলঙ্কার অধিনায়ক কুমার সাঙ্গাকারা। মুরালিকে তিনি তার তুরুপের তাস বলেও অভিহিত করেন।
বিশ্বকাপের শেষ আটের শেষ খেলায় শনিবার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে মুখোমুখি হবে দল দু'টো। খেলা শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৩ টায়।
নিউজিল্যান্ডের বিপক্ষে গ্র"প পর্বের শেষ খেলায় পায়ে চোট পান ৩৮ বছর বয়সী মুরালিধরন। একদিনের ক্রিকেটে ৫৩০ উইকেট শিকারীকে নিয়ে তাই সাঙ্গাকারার দুশ্চিন্তার অন্ত ছিল না।
সেই চোট সেরেছে, আর সাঙ্গাকারা হয়েছেন দুশ্চিন্তা-মুক্ত। শুক্রবার এক সংবাদ সম্মেলনে শ্রীলঙ্কার দলপতি নিজেই জানান সে কথা।
ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট ও একদিনের খেলায় সর্বাধিক উইকেট শিকারীকে মাঠে দেখা যাবে বলে উল্লেখ করে সাঙ্গাকারা বলেন, "মুরালিধরন খেলার মতো পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন। আশা করছি, ইংল্যান্ডের বিপক্ষে খেলায় তিনি আমাদের আনন্দে ভাসাবেন।"
"গুরুত্বপূর্ণ খেলায় মুরালি যে কি করতে পারে, তা বলার অপেক্ষা রাখে না," বলেন সাঙ্গাকারা।
বিশ্বকাপ শেষে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেয়ার কথা স্পিন 'জাদুকর' মুত্তিয়া মুরালিধরনের।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/টিআর/১৮১১ ঘ.
bdnews24