২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পরিকল্পনা মতো খেলতে চান স্মিথ

নিউজিল্যান্ডের বিপক্ষে পরিকল্পনা মতো খেলার ওপর জোর দিয়ে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক গ্রায়েম স্মিথ বলেন, ঢাকার উইকেট থেকে সহজেই রান তোলা সম্ভব, যদি জুটি গড়ে তোলা যায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2011, 10:48 AM

Updated : 24 Aug 2022, 02:45 PM

ঢাকা, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নিউজিল্যান্ডের বিপক্ষে পরিকল্পনা মতো খেলার ওপর জোর দিয়ে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক গ্রায়েম স্মিথ বলেন, ঢাকার উইকেট থেকে সহজেই রান তোলা সম্ভব, যদি জুটি গড়ে তোলা যায়। নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় কোয়ার্টার ফাইনালকে সামনে রেখে বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে দুপুর ১টা পর্যন্ত জিপি-বিসিবি একাডেমি মাঠে অনুশীলন করে দক্ষিণ আফ্রিকা। রাজধানীর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু হবে শুক্রবার বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়। অনুশীলনের ফাঁকে স্মিথ উইকেটকে দায়ী না করে সাংবাদিকদের বলেন, "আমার মনে হয় না এটা খারাপ উইকেট। আগে উইকেটের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে হবে। যদি বড় জুটি গড়ে তোলা যায়, তাহলে সহজেই স্কোরবোর্ডে ভালো রান জমা করা সম্ভব হবে।" অথচ এই মাঠেই বাংলাদেশ ৫৮ ও ৭৮ রানে গুটিয়ে যায়। প্রথম কোয়ার্টার ফাইনালে ওয়েস্ট ইন্ডিজ করে মাত্র ১১২। বাংলাদেশের মাটিতে কিছুদিন আগে ৪-০ ম্যাচে সিরিজ হারে নিউজিল্যান্ড। তবে একে এখন অতীত বলেই মনে করেন স্মিথ। বরং প্রতিপক্ষকে সমীহ করে তিনি বলেন, নকআউট পর্বে সব দলই ভালো। নিউজিল্যান্ডও দারুণ দল। তাই তাদের বিপক্ষে জিততে হলে ভালো খেলতে হবে। প্রতিযোগিতার এই পর্যায়ে কোনো দলকে খাটো করে দেখা ঠিক হবে না বলে মনে করেন তিনি। চূড়ান্ত একাদশ নিয়ে কোনো আভাস দেননি দক্ষিণ আফ্রিকা অধিনায়ক। বলেন, "আজ (বৃহস্পতিবার) রাতে দল নির্বাচন করা হবে।" দলের স্পিনারদের ওপর অগাধ আস্থা স্মিথের। এ প্রসঙ্গে তিনি বলেন, তার দলের স্পিনাররা শুধু উপমহাদেশই নয়, সব জায়গাতেই উইকেট নিতে সক্ষম। প্রতিপক্ষ নিউজিল্যান্ডের বোলিংয়েও বৈচিত্র আছে বলে মনে করেন স্মিথ। বলেন, তাদের দলে বেশ কয়েকজন মিডিয়াম-ফাস্ট বোলার আছে। ড্যানিয়েল ভেট্টোরি তো এক কথায় অসাধারণ। দক্ষিণ আফ্রিকার সাবেক ফাস্ট বোলার অ্যালান ডোনাল্ড এখন নিউজিল্যান্ড দলের বোলিং কোচ। এতে নিউজিল্যান্ডের জন্য কোনো সুবিধা কিনা? এই প্রশ্নের জবাবে স্মিথ বলেন, "ডোনাল্ড অনেক বড় মাপের খেলোয়াড়। তিনি বোলিং কোচ হিসেবে কাজ করায় নিউজিল্যান্ডের অনেক উন্নতি হয়েছে। কিন্তু আমাদের দলেও অনেক নতুন প্রতিভা এসেছেন। তাই আমার মনে হয় না কোনো সমস্যা হবে।" নিজের দল সম্পর্কে তিনি বলেন, "আমাদের বোলাররা সব খেলাতেই প্রতিপক্ষের ১০টি উইকেট তুলে নিয়েছেন। ব্যাটসম্যানরাও তাদের কাজটা ঠিক মতো করছেন।" গ্র"প পর্বে বাংলাদেশকে ২০৬ রানে হারানোয় দর্শকদের সমর্থন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে যাবে কি না? এই প্রশ্নের জবাবে স্মিথ বলেন, "উপমহাদেশের জনগণের সঙ্গে আমাদের সম্পর্ক সব সময়ই ভালো। কাল (শুক্রবার) আমরা চেষ্টা করবো নিজেদের পরিকল্পনা অনুযায়ী খেলার। এটাই আমাদের মূল ভাবনা।" স্পিনার ইমরান তাহির সম্পর্কে স্মিথ বলেন, "তিনি খুবই আক্রমণাত্মক বোলার। অনেক বৈচিত্র আছে তার বোলিংয়ে। তবে আমাদের অন্য স্পিনাররাও ভালো।" বিশ্বকাপে এ পর্যন্ত ১২ উইকেট নিয়েছেন তাহির। বাংলাদেশে কোয়ার্টর ফাইনাল খেলার সুযোগ পাওয়ায় দক্ষিণ আফ্রিকার অধিনায়ক খুশি। বলেন, "আমরা প্রায় দশদিন ধরে এখানে (বাংলাদেশে) আছি। এখানকার পরিবেশের সঙ্গে মানিয়ে নেয়ার জন্য কঠোর অনুশীলনও করেছি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/১৬৩৪ ঘ.