২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'আমাদের খেলোয়াড়রা বেশি অভিজ্ঞ'

নিউজিল্যান্ডের খেলোয়াড়দের চেয়ে নিজের দলের খেলোয়াড়দের বেশি অভিজ্ঞ বলে মনে করছেন দক্ষিণ আফ্রিকার স্পিনার জোহান বোথা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2011, 03:34 PM

Updated : 24 Aug 2022, 02:44 PM

ঢাকা, মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নিউজিল্যান্ডের খেলোয়াড়দের চেয়ে নিজের দলের খেলোয়াড়দের বেশি অভিজ্ঞ বলে মনে করছেন দক্ষিণ আফ্রিকার স্পিনার জোহান বোথা। বিশ্বকাপের তৃতীয় কোয়ার্টার ফাইনালে দক্ষিণ আফ্রিকা খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষে। শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ২৫ মার্চ খেলা শুরু হবে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়। এই খেলাকে সামনে রেখে শের-ই-বাংলায় অনুশীলনের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বোথা বলেন, "এই উইকেটে স্পিনাররা ভালো করছেন। আর আমাদের দলে বেশ কয়েকজন ভালো স্পিনার আছেন।" কোয়ার্টার ফাইনালে প্রতিপক্ষ হিসেবে নিউজিল্যান্ডকে পাওয়ায় খুশি হয়েছেন কিনা? এই প্রশ্নের জবাবে তিনি বলেন, "আমরা যে কোনো দলের বিপক্ষে খেলতে প্রস্তুত। নির্দিষ্ট কোনো দল নিয়ে না ভেবে আমরা নিজেদের খেলার দিকেই বেশি নজর দিচ্ছি।" দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানরা স্পিন ভালোই খেলেন বলে তিনি দাবি করেন। নিউজিল্যান্ড দল সম্পর্কে তিনি বলেন, রস টেলর, স্কট স্টাইরিস ও ব্রেন্ডন ম্যাককালাম তাদের মূল ভরসা। এছাড়া অধিনায়ক ভেট্টোরিও খেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। তবে নিজের দলের খেলোয়াড়দের বেশি অভিজ্ঞ বলে উল্লেখ করে তিনি বলেন, এই অভিজ্ঞতাই তাদের দলকে এগিয়ে রাখবে। এক সময় দক্ষিণ আফ্রিকার ফিল্ডিং ছিল দেখার মতো। তবে বর্তমান দলটি সেই মান ধরে রাখতে পারেনি। এ প্রসঙ্গে বোথা বলেন, দিন দিন দলের ফিল্ডিংয়ের উন্নতি হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/২১১৪ ঘ.