ঢাকা, মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খাদ্যে বিষক্রিয়ায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বিশ্বকাপের নিরাপত্তায় নিয়োজিত আইন-শৃঙ্খলাবাহিনীর শতাধিক সদস্য।
মঙ্গলবার এ ঘটনায় খাবার সরবরাহের সঙ্গে জড়িত দুইজনকে তাৎক্ষণিকভাবে সাজা দিয়ে কারাগারে পাঠিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গ্রেপ্তার করা হয়েছে আরো ৭ জনকে। এছড়া সংশ্লিষ্ট খাবার প্রস্তুতকারী প্রতিষ্ঠানটি বন্ধ করে দেওয়া হয়েছে।
পুলিশের প্রটেকশন বিভাগের দায়িত্বে থাকা উপকমিশনার আবুল ফয়েজ জানান, শেরাটন হোটেল, মিরপুর স্টেডিয়ামসহ বিভিন্ন জায়গায় খেলোয়াড়দের নিরাপত্তার দায়িত্বে থাকা শতাধিক পুলিশ ও র্যাব সদস্য দুপুরের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েন।
তিনি জানান, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারের সরবরাহ করা ওই খাবার খেয়ে দুপুরের পর কয়েকজন বমি করতে শুরু করেন। অসুস্থ হয়ে পড়ায় তাদের দ্রুত বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।
বিসিবি সভাপতি আ ন হ মোস্তফা কামাল রাত ১০টার দিকে রাজারবাগ পুলিশ হাসপাতালে অসুস্থদের দেখতে যান। তবে এ সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেনননি তিনি।
এ ঘটনায় পুলিশ সাতজনকে গ্রেপ্তার করে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন।
এরা হলেন- রুবামা আহমেদ, সাইদুল ইসলাম, মশিউর রহমান, আল আমীন, মতিন মিয়া, রতন মিয়া ও রুবেল।
এছাড়া রাতে কাজল ও মোহাম্মদ সুলতান নামের দুজনকে সাজা দিয়ে তাৎক্ষণিকভাবে কারাগারে পাঠায় ভ্রাম্যমাণ আদালত।
দুজনকে দণ্ড, খাবার হোটেল বন্ধ
ভ্রাম্যমাণ আদালতের হাকিম আনোয়ার পাশা জানান, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আইন-শৃঙ্খলাবাহিনীর সদস্যদের খাবার সরবরাহের দায়িত্ব দিয়েছিল ফ্রিক্সিমস্ বাংলাদেশ লিমিটেড নামের একটি ঠিকাদার প্রতিষ্ঠানকে। তারা ঢাকার শাহজাহানপুরের আল রহমানীয়া বিরানি এন্ড কাবাব ঘর থেকে খাবর এনে তা আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সরবরাহ করে আসছিল।
তাদের খাবার খেয়ে মঙ্গলবার শতাধিক পুলিশ ও র্যাব সদস্য অসুস্থ হয়ে পড়ায় রাত সাড়ে ৯টার দিকে আল রহমানীয়া বিরানি এন্ড কাবাব ঘরে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।
ওই প্রতিষ্ঠানের মালিকের ছেলে কাজলকে এক বছরের কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা, অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়। আর বাবুর্চি মোহাম্মদ সুলতানকে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়।
আনোয়ার পাশা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "জরিমানার টাকা দিতে না পারায় কাজলকে ১৫ মাস ও সুলতানকে ৩ মাসের দণ্ড দিয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া হয়েছে।"
খাদ্যে বিষক্রিয়া
রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের সুপার ডা. এ কে এম নিজামউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তার হাসপাতালে পুলিশ, র্যাব ও পুলিশের বিশেষ শাখার মোট ৯৩ জন সদস্য ভর্তি হয়েছিলেন। এদের মধ্যে ৬ জন চিকিৎসা নিয়ে চলে গেছেন। বর্তমানে ভর্তি আছেন ৮৭ জন।
এ ছাড়া ঢাকার উদরাময় হাসপাতালে (আইসিডিডিআর,বি) আরো সাতজন আছেন বলে জানান তিনি।
আর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দমকল বাহিনীর চার সদস্য ভর্তি হন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে। এরা হলেন- স্টেশন মাস্টার আমজাদ হোসেন (৪০), সাইদুল হক (২৩), মামুন (২৪) ও সালাম (৩০)।
আমজাদ হোসেন ঢামেক হাসপাতালে সাংবাদিকদের বলেন, তিনি ও তার অন্য দমকলকর্মীরা হোটেল শেরাটনের সামনে কর্তব্যরত ছিলেন। দুপুরে তাদের প্যাকেটে করে মোরগ পোলাও খেতে দেওয়া হয়। খাওয়ার পর থেকে তিনিসহ অন্য সদস্যরা অসুস্থ হয়ে পড়েন।
খাদ্যে বিষক্রিয়ার (ফুড পয়জনিং) কারণে অসুস্থতার এ ঘটনা ঘটেছে জানিয়ে ডা. নিজামউদ্দিন বলেন, "যারা ভর্তি আছেন, ১২ ঘণ্টা পর্যবেক্ষণে রেখে তাদের ছেড়ে দেওয়া যাবে বলে আশা করছি আমরা।"
পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন র্যাব-২ এর উপ সহকারী পরিচালক এ কে এম খায়রুল জানান, পাকিস্তানি খেলোয়াড়দের নিরাপত্তা দিতে শেরাটন হোটেল থেকে ১৬ জন র্যাব সদস্যের একটি দল তার সঙ্গে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে যান। সেখানে বসেই দুপুরে সরবরাহ করা মোরগ পোলাও খান তারা।
খায়রুল বলেন, খেলোয়াড়দের নিয়ে বিকেল ৫টার দিকে ফেরার সময় র্যাব সদস্যদের কয়েকজন অসুস্থ বোধ করেন। কেউ কেউ বমি করতে শুরু করেন।
আইসিসির এক কর্মকর্তাকে নিরাপত্তা দিতে শেরাটন থেকে মিরপুরে যান সার্জেন্ট আনন্দ রায়সহ আট পুলিশ সদস্য। সেখানে সরবরাহ করা খাবার খেয়ে তারাও অসুস্থ হয়ে পড়েন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/কেটি/পিডি/জেকে/২৩৩২ ঘ.
bdnews24