২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হাড্ডাহাড্ডি লড়াই হবে: সামি

পাকিস্তানের বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে মনে করছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ড্যারেন সামি। তিনি বলেন, ভারতের বিপক্ষে না খেললেও পাকিস্তানের বিপক্ষে শিবনারায়ন চন্দরপলকে মাঠে নামানো হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2011, 02:21 PM

Updated : 24 Aug 2022, 02:44 PM

ঢাকা, মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাকিস্তানের বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে মনে করছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ড্যারেন সামি। তিনি বলেন, ভারতের বিপক্ষে না খেললেও পাকিস্তানের বিপক্ষে শিবনারায়ন চন্দরপলকে মাঠে নামানো হবে। রাজধানীর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার অনুশীলন শেষে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, "কোয়ার্টার ফাইনাল ম্যাচটি ঢাকায় হওয়ায় আমি খুশি।" এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, "এই মাঠেই আমরা আমাদের পরিকল্পনা সবচেয়ে ভালোভাবে বাস্তবায়ন করতে পেরেছি।" বুধবারের কোয়ার্টার ফাইনালের জন্য তার দল এখন প্রস্তুত বলে ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক জানান। পাকিস্তানের বিপক্ষে খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়। সকাল ১০টায় শের-ই-বাংলায় অনুশীলন শুরু করে ওয়েস্ট ইন্ডিজ দল। চলে প্রায় দুপুর ১টা পর্যন্ত। ওয়েস্ট ইন্ডিজ দলের বাসে ঢিল মারা প্রসঙ্গে সামি বলেন, "সেদিন যা ঘটেছিল, তা নিছকই দুর্ঘটনা। আমরা ওই ঘটনা পেছনে ফেলে এসেছি। আমরা জানি, বাংলাদেশের জনগণ খুবই ভালো। তারা ক্রিকেটকে ভালোবাসে ও সমর্থন করে।" পাকিস্তানের বিপক্ষে খেলা খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে উল্লেখ করে তিনি বলেন, "আমরা আমাদের সেরা খেলোয়াড়দেরই মাঠে নামাবো। আশা করছি, আমরাই জিতবো।" ভারতের বিপক্ষে খেলা সম্পর্কে সামি বলেন, "আমি খেলা শেষে সংবাদ সম্মেলনে বলেছি যে, আমরা পথ হারিয়ে ফেলেছিলাম। উইকেট হারাচ্ছিলাম দ্রুত। এর ফলেই হার মানতে হয়।" চন্দরপল সম্পর্কে ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক বলেন, "তিনি দলেরই অংশ। কোয়ার্টার ফাইনালে দলের পক্ষে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করার ক্ষমতা তার আছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/১৯০০ ঘ.