ঢাকা, মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দক্ষিণ আফ্রিকার সঙ্গে ঢাকায় খেলতে নিউজিল্যান্ডের সুবিধা হবে বলে মনে করছেন ব্রেন্ডন ম্যাককালাম।
আগামী ২৫ মার্চ রাজধানীর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিশ্বকাপ ক্রিকেটের শেষ আটের লড়াইয়ে মুখোমুখি হবে দল দু'টো। গত বছর অক্টোবরে বাংলাদেশের সঙ্গে একদিনের আন্তর্জাতিক সিরিজে ৪-০ ব্যবধানে হার মেনেছিল নিউজিল্যান্ড। সিরিজের সব খেলাই হয়েছিল শের-ই-বাংলায়।
সে তিক্ত অভিজ্ঞতা নিয়ে ঢাকায় আবার খেলতে নামা খুব একটা সুখকর হওয়ার কথা নয়। কিন্তু দ্বিমত পোষণ করেছেন ২৯ বছর বয়সী উইকেটরক্ষক ব্যাটসম্যান ম্যাককালাম।
তিনি বলেন, "আবারো ঢাকায় খেলতে পারা আমাদের জন্য সত্যিই সুবিধাজনক। এখানকার আবহাওয়া আমাদের পরিচিত। তাই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করবো।"
ঢাকার পিচে দক্ষিণ আফ্রিকা বাড়তি বাউন্স ও গতি আশা করলেও তা পাবে না বলেই ধারণা করছেন ম্যাককালাম।
"বাউন্স ও গতির আশা তারা করতেই পারে। আমার মনে হচ্ছে না, সে সুবিধা তারা পাবে", বলেন তিনি।
অতিরিক্ত চাপে দক্ষিণ আফ্রিকার ভেঙে পড়ার ইতিহাস নতুন নয়, বরং বেশ পুরনো। কিন্তু তা নিয়ে একদমই মাথা ঘামাতে রাজি নন ম্যাককালাম।
তিনি বলেন, "ভালো খেলতে পারছি কিনা, সেটাই বড় কথা। নিজেদের নিয়েই আমরা ব্যস্ত, প্রতিপক্ষকে নিয়ে নয়। আমারা ভালো খেলেই জিততে চাই।"
গ্র"প পর্বের শেষ দুই খেলায় অধিনায়ক ড্যানিয়েল ভেট্টোরি চোটের কারণে খেলতে পারেননি। ভেট্টোরি এখন খেলার মতো পুরোপুরি সুস্থ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামতে পারেন তিনি।
ভেট্টোরিকে ফিরে পাচ্ছেন বলে উল্লসিত ম্যাককালামও। বললেন, "ভেট্টোরি ফিরছেন। তিনি সত্যিই অসাধারণ খেলোয়াড়। শুধু বোলিং নয়, তার নেতৃত্ব ও লেজের দিকে ব্যাট হাতে তার লড়াইয়ের মানসিকতাও প্রশংসার যোগ্য।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এমআই/টিআর/১৬০৬ ঘ.
bdnews24