২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে ঢাকায় লোকজ উৎসব মঙ্গলবার

বিদেশি পর্যটকদের কাছে দেশীয় সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরতে রাজধানীতে লোকজ মেলার আয়োজন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2011, 02:40 PM

Updated : 24 Aug 2022, 02:43 PM

ঢাকা, মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদেশি পর্যটকদের কাছে দেশীয় সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরতে রাজধানীতে লোকজ মেলার আয়োজন করা হয়েছে। আগামী ২২ মার্চ সোনারগাঁও হোটেলের গ্রিনহাউজ ব্যাংকোয়েট এরিয়ায় 'বাংলাদেশ লোকজ উৎসব' এর আয়োজন করেছে বিশ্বকাপ ক্রিকেটের অন্যতম অফিশিয়াল পার্টনার বাংলাদেশ ট্যুরিজম বোর্ড। রোববার বোর্ডের চেয়ারম্যান শফিউল আলম মেহেদী সোনারগাঁও হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। তিনি বলেন, "বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে আসা বিদেশি পর্যটক, আইসিসির কর্মকর্তা, খেলোয়াড় এবং দেশি-বিদেশি সাংবাদিকদের কাছে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি এ উৎসবে তুলে ধরা হবে।" দিনব্যাপী এ মেলায় থাকছে বাউল সঙ্গীত, পুতুল নাচ, মাটির হাড়ি, কাঁচের চুড়ি, মুক্তিযুদ্ধের ইতিহাস, হস্তশিল্প, সাপের খেলা, পালকি, রিক্সা ও ঘোড়ার গাড়িতে চড়ে ছবি তোলাসহ দেশীয় ঐতিহ্যবাহী বিভিন্ন খাবার। এছাড়া 'বিউটিফুল বাংলাদেশ' ও 'স্কুল অফ লাইফ' শীর্ষক দুটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হবে। দর্শকদের জন্য এ মেলা উন্মুক্ত থাকবে বলে জানান বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের চেয়ারম্যান। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, আইসিসির হেড অফ মিডিয়া কলিন গিবসন, আইসিসির মিডিয়া সাপোর্ট ম্যানেজার সিলভিয়া ফার্নান্দেজ প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এলএন/এইচএ/২০৩০ ঘ.